চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার এক বছর পরও হদিস মেলেনি বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রকাশ ওরফে বাচা চেয়ারম্যানের।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অবিলম্বে বাচা চেয়ারম্যানের সন্ধান করার জন্য সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানান উপজেলা বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহম্মদ খান বলেন, "অপহৃত হওয়ার একবছর পরেও বাচা চেয়ারম্যানের অবস্থান সম্পর্কে আমরা কিছুই জানি না। তিনি কি ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমের ভাগ্য বরণ করেছেন? না কী ১৯৭২-৭৪ সালের মত রক্ষী বাহিনীর কায়দায় গুপ্ত হত্যার শিকার হয়েছেন। দেশের সাধারণ মানুষের মনে আজ এটাই প্রশ্ন।"
গত বছরের ৮ নভেম্বর গাজীপুর চৌরাস্তা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন লোক নজরুল ইসলাম প্রকাশকে অপহরণ করে বলে তার পরিবারের সদস্য ও দলের নেতা-কর্মীরা দাবি করেন।
সে সময় নজরুল ইসলাম বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
ঘটনার পরদিন ২০১০ সালের ৯ নভেম্বর অপহৃত নজরুলকে নগরীর চান্দগাঁওস্থ র্যাব কার্যালয়ে আনা হয়েছে এমন অভিযোগ তুলে কার্যালয়টি ঘেরাও করে বিএনপি নেতা-কর্মীরা। র্যাব সদস্যদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে সে সময়।
অপহরণের ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা করেন নজরুলের ছোট ভাই হামিদুল হক মান্নান। মামলায় বোয়ালখালীর পাঁচ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে হামিদুল হক মান্নান বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে। এখন তারা আমাকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকের লাকজন বাচা চেয়ারম্যানকে ধরে নিয়ে যায়। অথচ এক বছর পেরিয়ে গেলেও এ বিষয়ে তারা কোনো তথ্য জানায়নি।
নজরুলের হদিস না পাওয়া পর্যন্ত প্রতিবাদ সভা, মিছিল ও মানববন্ধনের মত কর্মসূচি চলবে বলেও জানান জাফরুল।
সংবাদ সম্মেলনে বোয়ালখালী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জানে আলমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এসইউ/১৪০১ ঘ.
bdnews24