ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা খায়রুল কবির খোকন নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি না হলেও তাকে পুলিশ হেফজতে (রিমান্ড) নেওয়ার শুনানি কেন হবে- তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমান উল্লাহ আমান।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের ছাত্রনেতাদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমান বলেন, "লোকমান পরিবারের দায়ের করা মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে, তারা সব ক্ষমতাসীন দলের লোক। ওই মামলার ৮ দিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। ৫৪ ধারায় আটক খোকনের নাম ওই মামলায় নেই।"
"তারপরও বুধবার আদালতে তার (খোকন) বিরুদ্ধে পুলিশ রিমান্ডের শুনানি কেন হবে? এটা কিসের শুনানি", প্রশ্ন রাখেন আমান।
এই শুনানি বাতিল করে অবিলম্বে খোকনকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে আহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে ওই রাতেই ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ তাকে নরসিংদীর আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানির জন্য বুধবার দিন রাখেন।
এদিকে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর গত বৃহস্পতিবার রাতে লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান একটি মামলা করেন। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করা হয়, যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী।
নব্বইয়ের গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি থাকা আমান উল্লাহ আমান অভিযোগ করেন, খোকনকে ষড়যন্ত্রমূলকভাবে আটক রাখা হয়েছে। লোকমান হত্যাকাণ্ড আওয়ামী লীগের ভেতরের কোন্দলের ফসল।
"স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য নিয়ে মেয়র লোকমান হোসেনের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দীর্ঘদিনের বিরোধের ফল হলো লোকমান হত্যাকাণ্ড।"
অন্যদের মধ্যে নব্বইয়ের দশকের ছাত্রলীগ সভাপতি (বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নেতা) হাবিবুর রহমান হাবিব, তৎকালীলন ছাত্রলীগ (জাগপা) এর সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, শফিউল বারী বাবু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ সভাপতি লায়লা বেগম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম তালুকদার খোকন, মহানগর দক্ষিণ যুব দল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫০০ ঘ.
bdnews24