নোয়াখালী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা মোতায়েন না হওয়ার কারণ দেখিয়ে বিএনপির নারায়ণগঞ্জ নির্বাচন বর্জন সশস্ত্র বাহিনীকে রাজনীতিতে জড়ানোর প্রয়াস বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। এ জন্য বিরোধী দলকে সতর্কও করেছেন তিনি।
মঙ্গলবার নিজের জেলা নোয়াখালীতে দলের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, "বিএনপি দেখছে যে তাদের অতীত ইস্যুগুলো জনগণ প্রত্যাখ্যান করেছে। ভারত বিরোধিতার হাতিয়ারটি ভোঁতা হয়ে গেছে।
"তাই তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ইস্যু করে আন্দোলনের পরিকল্পনা হাতে নিয়েছিলো। সেই আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সেনাবাহিনীকে নিয়ে রাজনীতির সর্বনাশা খেলায় মেতে উঠেছে।"
"আন্দোলন করুন, তবে সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না। সেনাবাহিনীকে বিতর্কিত করবে না," বলেন তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে দলীয় নেতাকমীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কাদের।
বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাদের আরো সক্রিয় হতে এবং মহাজোটের অন্য শরিকদের সঙ্গে সমন্বয় জোরদার করতে তাগিদ দেন কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24