ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি' দিবস হিসেবে পালন করেছে বিএনপি।
সোমবার সকালে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উড়ানো হয়। দুপুরে খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি নেতা-কর্মীরা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর আলোচিত একটি দিন। কার্যত এ দিনেই জিয়াউর রহমানের উত্থান ঘটে, যিনি পরে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন।
শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, "৭ নভেম্বর না হলে দেশ আধিপত্যবাদীর ঘাঁটি হতো। আওয়ামী লীগ আধিপত্যবাদীদের স্বার্থরক্ষায় কাজ করছে।"
বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এ দিনে সরকারি ছুটি থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর তা বাতিল করে।
দিনটি পালনের পক্ষে যুক্তি দেখিয়ে মোশাররফ বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদ ও স¤প্রসারণবাদী আগ্রাসী শক্তির বিরুদ্ধে দেশের সেনাবাহিনী ও জনগণ এক হয়ে নীল-নকশার ষড়যন্ত্র নস্যাৎ করেছিলো। এজন্য দিবসটি বিএনপির কাছে গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সেনাপ্রধান হিসেবে দায়িত্বে আসেন জিয়া। এরপর জিয়ার মতোই মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যূত্থান হয়। এতে গৃহবন্দি হন জিয়া।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যূত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। ওই অভ্যূত্থানে জাসদের নেতা-কর্মীরাও যোগ দেয়। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।
জিয়া মুক্ত হওয়ার পর খালেদ মোশাররফ ও তার সঙ্গী মেজর হায়দারসহ অনেককে হত্যা করা হয়, যার অধিকাংশই মুক্তিযোদ্ধা।
জাসদ ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস হিসেবে পালন করে। অন্যদিকে আওয়ামী লীগ পালন করে 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' হিসেবে।
ইস্কাটনের লেডিস ক্লাবে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর দুপুরে নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে যান খালেদা। সেখানে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কবরে ফুল দেওয়ার পর মোনাজাতও করেন তিনি।
খালেদার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ।
বিএনপি ছাড়াও জিয়ার কবরে ফুল দেয় যুবদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, উলামা দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), জিয়া শিশু সংগঠন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাসহ (জাসাস) বিভিন্ন সহযোগী সংগঠন।
৭ নভেম্বর উপলক্ষে বিএনপি রঙিন পোস্টার ছাপিয়েছে। কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
দিবসটি উপলক্ষে গত ১ নভেম্বর থেকে বিএনপির ১০ দিনের কর্মসূচি চলছে। প্রতিদিন বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা হচ্ছে। ঈদের ছুটির জন্য চার দিন বিরতি রেখে আগামী ১০ নভেম্বর থেকে আবার আলোচনা সভা শুরু হবে।
চট্টগ্রামে জিয়ার প্রথম কবরে শ্রদ্ধা
চট্টগ্রামে জিয়ার প্রথম কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানসহ চট্টগ্রাম মহানগর বিএনপির একটি অংশের নেতারা।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যূত্থানে নিহত হওয়ার পর রাঙ্গুনিয়ায় তাকে কবর দেওয়া হয়। পরে তার দেহাবশেষ ঢাকায় শেরে বাংলা নগরে আনা হয়।
রাঙ্গুনিয়ায় ওই কবরে সোমবার নেতাকর্মীরা ফাতেহা পাঠ এবং মিলাদ মাহফিলে অংশ নেন।
সেখানে এক সমাবেশে নোমান বলেন, "বর্তমানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। এই সঙ্কটময় অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষায় খালেদা জিয়ার আন্দোলন সফল করতে হবে।"
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, আনোয়ার হোসাইন, এম এ সবুর, আবদুস সাত্তার, ওহাব কাশেমী, মনোয়ারা বেগম মনি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24