ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহায় গণভবনে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময়ের পালা চলবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা।
এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে যে অনুপম দৃষ্টান্ত হজরত ইব্রাহিম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।"
ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে যার যার অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান তিনি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯০০ ঘ.
bdnews24