২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকনকে পাঁচ দিনের হেফাজতে চায় পুলিশ

নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা খায়রুল কবীর খোকনসহ ৬ জনকে আদালতে হাজির করে ৫ দিনের হেফাজতে চেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

নরসিংদী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা খায়রুল কবীর খোকনসহ ৬ জনকে আদালতে হাজির করে ৫ দিনের হেফাজতে চেয়েছে পুলিশ। নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুল খবির আগামী ৯ নভেম্বর শুনানির দিন রেখে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। লোকমান হত্যার ঘটনায় গেপ্তার খোকনসহ ছয় জনকে পুলিশ বৃহস্পতিবার আদালতে হাজির করার পর তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে আদালত তা নাকচ করে দেয়। নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আজিজুর রহমান জানান, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে দণ্ডবিধির ৫৪ ধারায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সজীব দাস, তৌহিদ সরকার, জাহিদুল ইসলাম, সোহেল, সাজ্জাদ হোসেনকে বুধবার নরসিংদীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে নরসিংদী শহরের সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন লোকমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। ওই ঘটনার পাঁচ ঘণ্টার মাথায় মঙ্গলবার রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশ ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে খোকনকে আটক করে। পরদিন সকালে তাকে নিয়ে যাওয়া হয় নরসিংদীতে। বিএনপি খোকনকে গ্রেপ্তারের সমালোচনা করে তার মুক্তি দাবি করলেও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বুধবার মুখ খোলেনি পুলিশ। লোকমান হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাতে নরসিংদী সার্কিট হাউস এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বুধবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় তারা। বুধবার বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথম জানাজা এবং পরে শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে শালিধা পৌর কবরস্থানে লোকমানকে দাফন করা হয়। দুই বার সরকারের স্বর্ণপদক পাওয়া এই পৌর মেয়রের জানাজায় অংশ নেয় লাখো জনতা। স্থানীয় ছাত্রলীগ বুধবার সকাল থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকলেও সন্ধ্যায় তা প্রত্যাহার করে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরে শান্তিপূর্ণভাবে যান চলাচল শুরু হয়েছে, দোকানপাটও খুলেছে। এদিকে নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমানকে হত্যার প্রতিবাদে নরসিংদী জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক পালন করছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং কর্মীরা কালোব্যাজ ধারণ করেন। বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জেকে/১৪৪১ ঘ.