২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে খায়রুল কবীর খোকন গ্রেপ্তার

নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন নিহত হওয়ার পর নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 04:06 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন নিহত হওয়ার পর নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। খোকনের স্ত্রী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশ আমাদের খিলগাঁও মাটির মসজিদের বাসা থেকে খোকনকে নিয়ে গেছে। তবে তারা এর কোনো কারণ বলেনি।" ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খোকনকে গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। আমরা তাদের সহযোগিতা দিয়েছি মাত্র।" খোকনকে বুধবার সকালে নরসিংদী নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। এদিকে গ্রেপ্তারের ঘটনায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার রাত ৮টার দিকে নরসিংদী শহরের সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন লোকমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাতে নরসিংদী সার্কিট হাউস এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। লোকমান হত্যার প্রতিবাদে বুধবার সকাল থেকে ৭২ ঘণ্টার হরতাল পালন করছে জেলা ছাত্রলীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জেকে/১১০৮ ঘ.