২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলালকে হত্যা চেষ্টায় অভিযুক্ত বিএনপি নেতাকর্মী

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে হত্যা চেষ্টার অভিযোগে কক্সবাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

কক্সবাজার, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে হত্যা চেষ্টার অভিযোগে কক্সবাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার জেলা যুবদল নেতা ও কক্সবাজার পৌর কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ কক্সবাজার মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নয় আসামি হলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিলা দল নেত্রী নাছিমা আকতার বকুল, দলের জেলা দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আজিজুর রহমান, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ রফিক, যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুল, গিয়াস উদ্দিন আফসেল, ছাত্রদল নেতা মাসুমুল ইসলাম রাসেল, মোহাম্মদ তারেক ও মোশাররফ হোসেন। কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সোমবার বিকালে যুবদলের সভা চলাকালে গুলিবর্ষণ হয়। ওই ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ কক্সবাজার পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ রফিককে আটক করে। মঙ্গলবার আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয়। জেলা যুবদল সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ জানান, সোমবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এক গণজমায়েতে মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেয়ার সময় অফিসের পেছন থেকে তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এতে ৫ মিনিটের জন্য সমাবেশ বন্ধ থাকে। মামলার অভিযোগে বলা হয়, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে হত্যার জন্য নাছিমা আকতার বকুল, ইউসুফ বদরী ও আজিজুর রহমানের নির্দেশে অন্য ছয়জন যুবদলের গণজমায়েতে গুলিবর্ষণ করেছে। আসামি জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, তিনি সোমবার কক্সবাজারেই ছিলেন না। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। কক্সবাজার মডেল থানার ওসি বদরুল আলম তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আটক মোহাম্মদ রফিককে জেলহাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় রফিকের বিরুদ্ধেঅস্ত্র আইনেও একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১৩ ঘ.