ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় যুদ্ধ ঘোষণা করেছেন- এমনটি বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, "যারা দেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দিতে চায়, আমাদের নেত্রী তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ নয়।"
স¤প্রতি সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী রোড মার্চে বিভিন্ন পথসভায় ও জনসভায় বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া সরকারকে পদত্যাগে বাধ্য করতে 'যুদ্ধে' নামার ডাক দেন। ওই ঘোষণার পর থেকে সরকারি দলের মন্ত্রী ও সাংসদরা অভিযোগ করে আসছেন, খালেদা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্স্থাপনের দাবিতে বিএনপির নেতৃত্বে চারদল গত ১০ অক্টোবর ঢাকা-সিলেট এবং ১৭ ও ১৮ অক্টোবর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চ করে।
সরকারি দলের অভিযোগকে 'অপব্যাখ্যা' হিসাবে অখ্যায়িত করে ফখরুল বলেন, "আমাদের নেত্রীর যুদ্ধ ঘোষণার বক্তব্যকে ক্ষমতাসীনরা অপব্যাখ্যা দিচ্ছেন। যারা মুক্তিযুদ্ধকে বিকৃত করছে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেই এই যুদ্ধ।"
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে জোটের মহানগর শাখা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারেরও দাবি জানান মির্জা ফখরুল।
তিনি দাবি করেন, "মুফতি আমিনী রাষ্ট্র ও জনগণের পক্ষে অনেক কাজ করেছেন, যেগুলো দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমিনী সাহেব কখনোই এই রাষ্ট্রের বিরুদ্ধে নন।" চলমান আন্দোলন থেকে দূরে রাখতেই আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।
ইসলামী ঐক্যজোটের মহানগর শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে খেলাফত মজলিসের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এএল/২০০০ ঘ.
bdnews24