২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চুক্তি বাস্তবায়নে কেউ আন্তরিক নয়: সন্তু

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কেউ আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

রাঙামাটি, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কেউ আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। সোমবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া বানচাল এবং জুম্ম জনগণের অস্তিত্ব বিলীন করার ষড়যন্ত্র হচ্ছে। চুক্তিটি সম্পাদনের ১৪ বছর পরও বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাঙামাটি পৌর মিলানায়তনে তিনি প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দু'দিনব্যাপী যুব সন্মেলনের উদ্বোধন করেন। সন্তু লারমা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ, পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি ও পার্বত্য মন্ত্রণালয়সহ প্রশাসনের কেউই আন্তরিক নয়। অপারেশন উত্তরণের নামে পাহাড়ে সেনা কর্তৃত্ব চলছে অভিযোগ করে তিনি এটি প্রত্যাহারের দাবি জানান। তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সাংসদরা এই চুক্তি বাস্তবায়নে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন না বলেও তিনি অভিযোগ করেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সভাপতি গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্যে দেন জনসংহতি সমিতির যুব বিষয়ক সম্পাদক পলাশ তংচংগ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের মহানগর সভাপতি জ্যোতিষমান চাকমা, সাবেক কেন্দ্রীয় সভাপতি উদয়ন ত্রিপুরা প্রমুখ। জেলার ১০ উপজেলা থেকে সংগঠনের কয়েকশ' নেতাকর্মী সম্মেলনে যোগ দেন। এদিকে, একইদিন বাঘাইছড়ি উপজেলায় আরেকটি অনুষ্ঠানে চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় পার্বত্য চুক্তি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি উপজেলার রূপকারী ইউনিয়নের হেডম্যান অ্যাসোসিয়েশন কার্যালয় উদ্বোধনের পর সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। নাহলে সরকার চুক্তি বাস্তবায়নে আরো কালক্ষেপণ করবে। দেবাশীষ রায় 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী'র বদলে তাদের 'আদিবাসী' পরিচয়ের স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত সরকারের উপর চাপ সৃষ্টির আহবান জানান সবাইকে। মতবিনিময় সভায় বটতলী মৌজার হেডম্যান আবদুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, হেডম্যান অমিয় কান্তি খীসা প্রমুখ। গত আওয়ামী লীগ সরকারের সময় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জনসংহতি সমিতির সঙ্গে সরকারের এই চুক্তি সম্পাদিত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ ঘ.