২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তোরা যে যা বলিস ভাই, আমার আবুল হোসেন চাই'

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের দিকে ইঙ্গিত করে যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে 'দুর্নীতিগ্রস্ত' বলে দাবি করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের দিকে ইঙ্গিত করে যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে 'দুর্নীতিগ্রস্ত' বলে দাবি করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। রোববার এক আলোচনা সভায় আবুল হোসেনের পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে 'রসিক' এবং আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে 'খেলোয়াড়' বলে আখ্যায়িত করেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, "তিনি (যোগাযোগমন্ত্রী) একটি ফলন্ত গাছ। তিনি যা খান, তা একা নয়, সবাইকে নিয়েই খান। এজন্য সরকার প্রধানও বলছেন, তোরা যে যা বলিস ভাই- আমার আবুল হোসেন চাই।'' পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিতের পর যোগাযোগমন্ত্রী নতুন করে সমালোচনায় পড়েন। তবে সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে। গত ঈদের আগে বেহাল মহাসড়ক নিয়েও আবুল হোসেনের পদত্যাগের দাবি উঠে। সুরঞ্জিতের সমালোচনা করে গয়েশ্বর বলেন, "সুরঞ্জিত সেনগুপ্তের কথাবার্তায় মনে হচ্ছে- তিনি খেলছেন। বিরোধী দলকে মাঠে নামতে উস্কাচ্ছেন। তবে সুরঞ্জিত বাবু যত উস্কানিই দেন না কেন, যুদ্ধাপরাধের বিচারের কথা বলে বিরোধী দলের আন্দোলনকে রুখতে পারবেন না।" বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ দাবি করে বিএনপি নেতা বলেন, "আমাদের অর্থমন্ত্রী রসিক ব্যক্তি। তিনি বলেছেন, দেশের অর্থনীতি ভালো আছে। অথচ দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। মূল্যস্ফীতি সাড়ে ১১ শতাংশের ওপরে এসে দাঁড়িয়েছে। সরকার রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিমাসেই ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। এরকম অবস্থার পরও অর্থমন্ত্রীর দুশ্চিন্তা নেই।" ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত গণতান্ত্রিক জোটের উদ্যোগে 'অনিবার্য সংঘাত ও সঙ্কটের পথে দেশ : শঙ্কিত জনগণ ও সমাধানের ফর্মুলা' শীর্ষক এ আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে 'হাইব্রিড' বলে আখ্যায়িত করেন গয়েশ্বর। চারদলীয় জোটের রোড মার্চ সফল হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, "আমাদের নেত্রী আরেক যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধ হচ্ছে- দেশ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ।" "আর ক্ষমতাসীনরা এই যুদ্ধকে যুদ্ধাপরাধীর বিচারের বিরুদ্ধে যুদ্ধ বলে অপপ্রচার চালাচ্ছে। এতে কোনো লাভ হবে না। দেশের মানুষ এই সরকারের হাত থেকে এখন মুক্তি চায়," যোগ করেন তিনি। গণমাধ্যমের জন্য প্রস্তাবিত স¤প্রচার নীতিমালার বিরোধিতা করে গয়েশ্বর বলেন, এটা কার্যকর হলে টুঙ্গিপাড়ার ওপর রচনা তৈরি ছাড়া গণমাধ্যমের আর কিছু করার থাকবে না।" সংগঠনের সভাপতি এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি শফিউল আলম প্রধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৯৪০ ঘ.