চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বর্তমান অবস্থা' চলতে থাকলে বাংলাদেশ একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
রোববার বিকালে নগরীর শুলকবহরে এক সমাবেশে তিনি বলেন, "দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ, পানি সংকটের পাশাপাশি দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির কারণে জনসাধারণের জীবন অতিষ্ঠ। বিশ্ব ব্যাংকও পদ্মা সেতুতে অর্থ বরাদ্দ স্থগিত করেছে।"
"ব্যাংকে তারল্য সংকট, প্রশাসনে দলীয়করণ আর অকার্যকর সংসদ সব মিলিয়ে মনে হয় দেশে যুদ্ধ বিধস্ত অবস্থা বিরাজ করছে।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ ও মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত এক কর্মী সমাবেশে কথা বলছিলেন নোমান। সমাবেশ আয়োজন করে 'শুলকবহর ওয়ার্ড বিএনপি।
খালেদার ঘোষিত তিনটি রোড মার্চ কর্মসূচির দুটি ইতিমধ্যে পালন করেছে বিএনপি। ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ আগামী ২৫ অক্টোবর হবে বলে গত ২৭ সেপ্টেম্বর ঘোষণা দেন খালেদা। পরে ঈদুল আজহা ও হজের কথা উল্লেখ করে এ রোড মার্চ স্থগিত করে বিএনপি। ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ কবে হবে তা নিয়ে নতুন কোনো ঘোষণা এখনো বিএনপির পক্ষ থেকে আসেনি।
নোমান বলেন, "এখন যে অবস্থায় দেশ চলছে এরকম চলতে থাকলে বাংলাদেশ একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে।"
রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে সরকার চরম ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, "বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে।"
ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ ও মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
শুলকবহর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি এম এ ছবুর, কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি কাজী আকবর প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৯২৬ ঘ.
bdnews24