২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনির দৌড় গল্প 'নিছকই গপ্প'

সৈয়দ আবুল হোসেনের 'দৌড়ে মন্ত্রিত্ব পাওয়ার' গল্প আরেকজনের কাছে শুনেছিলেন গোলাম মাওলা রনি। জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুবের প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আবুল হোসেনের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে সরকারি সাংসদ গোলাম মাওলা রনির 'গল্প' একটি সূত্রের দেওয়া বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন। নবীন এই আওয়ামী লীগ দলীয় সাংসদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি প্রধানমন্ত্রীকে একটা সোর্সের কথা বলেছি।" বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে পটুয়াখালীর গলাচিপার এই সাংসদের বক্তব্য নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সাংসদ নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী রনির কাছে জানতে চান, তুমি তো চীনে যাওনি। এ গল্প শুনেছো কোত্থেকে? তখন রনি বলেন, বেসরকারি একটি টেলিভিশন সাংবাদিকের কাছে তিনি এসব শুনেছেন। প্রধানমন্ত্রীকে তিনি ওই সাংবাদিকের নামও বলেন। ওই সাংবাদিকের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রনি সাহেবের সঙ্গে আমার তেমন পরিচয়ই নেই। উনি একবার রিকোয়েস্ট করে আমার টক শো'তে এসেছিলেন। আর এরকম গল্প বলার তো প্রশ্নই আসে না।" রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঐভাবে উনার নাম বলিনি।" তিনি জানান, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ বৈঠকে বিষয়টি তোলেন। বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানায়, তোফায়েল বলেন, টক শো'তে নেতারা অনেক কথা বলেন, যা দলের জন্য ক্ষতিকর। তাদের বক্তব্যের কারণে দলের চেইন অফ কমান্ড থাকে না। রনি সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে বলেন, একবার চীন সফরে দলীয় প্রধানের ইচ্ছায় ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী ও সৈয়দ আবুল হোসেন একটি লেকের পাড়ে পার্কে সৌখিন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। বাঁশিতে ফুঁ দিয়ে শেখ হাসিনা ওই দৌড় পরিচালনা করেন। ৪৪ বছর বয়স্ক গলাচিপার সাংসদ ওই টিভিকে বলেন, ওই দৌড়ে জিতেই দলীয় প্রধানের প্রতিশ্র"তি অনুযায়ী যোগাযোগমন্ত্রী হন আবুল হোসেন। রনির বক্তব্য নিয়ে ফেইসবুক ও ব্লগে আলোচনার ঝড় ওঠে। ফেইসবুকে অনুষ্ঠানের ভিডিওটি বহুসংখ্যক 'শেয়ার' হয়। বৃহস্পতিবার এই সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, 'তুমি কোথা থেকে পার্কের কথা জানলে। দৌড় তো হয়েছিলো একটা স্পোর্টস স্কুলে'।" সূত্রগুলো বলছে, তখন প্রধানমন্ত্রী বলেন, কোনো পার্কে কোনো দৌড়ের ঘটনা ঘটেনি। একটি 'স্পোটর্স স্কুলে' একটি দৌড়ের ঘটনা ঘটেছিলো। আর, কোনো বাঁশি বাজানোর ঘটনাও ঘটেনি। সেসময় বিরোধী দলের নেতা হিসাবে শেখ হাসিনা চীন সফরের সময় একটি 'স্পোর্টস স্কুল' পরিদর্শনে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সূত্রগুলো জানায়, সেখানে আবুল হোসেন ও সাবের হোসেন চৌধুরী স্কুলটির ছাত্রদের সঙ্গে দৌড়েছিলেন। প্রধানমন্ত্রী রনিকে বলেন, "কিন্তু, সাবেরকে তো মন্ত্রী করা হয়নি", জানায় সূত্রগুলো। এসময় তিনি বলেন, "রনি ব্যবসা করে পার্থর (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি'র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ) সঙ্গে। পার্থর খালা প্রধানমন্ত্রী (পার্থর প্রয়াত বাবা নাজিউর রহমান মঞ্জু আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ভগ্নিপতি)। এই কথাগুলো বলে বৈঠকে উপস্থিত শেখ হেলাল উদ্দিনের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, পার্থর শ্বশুর বড় নেতা। প্রসঙ্গত, শেখ সেলিম প্রধানমন্ত্রীর ফুফাতো এবং শেখ হেলাল চাচাতো ভাই। আন্দালিব রহমান পার্থ বিয়ে করেছেন শেখ হেলালের মেয়েকে। রনিকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকেই বলেন, "ও একটা স্টুপিড।" রনির কাছে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রধানমন্ত্রী আমাকে এরকম কিছু বলেননি। শি ওয়াজ স্মাইলিং এন্ড জোকিং।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএইচসি/জিএনএ/২১২৬ ঘ.