২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জ নির্বাচনে টহলে তিন কোম্পানি সেনা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন তিন চতুর্থাংশ সেনা সদস্য তিন থানায় টহলে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন তিন চতুর্থাংশ সেনা সদস্য তিন থানায় টহলে থাকবে। বাকি সদস্যরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থাকবে রিজার্ভ হিসেবে। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনে সেনা বাহিনীর সদস্যদের এ কর্মপরিধি নির্ধারণ করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ সচিব আব্দুল বাতেন স্বাক্ষরিত একটি চিঠি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। ৩০ অক্টোবর নব গঠিত এ সিটি কর্পোরেশনে ভোট হবে। নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রার্থী ও জনগণের দাবির কথা বিবেচনায় রেখে গত রোববার নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় ইসি। নারায়ণগঞ্জে ভোটের দুই দিন আগে থেকে সেনা মোতায়েনের জন্য ইতোমধ্যে ইসি চার কোম্পানি সদস্য চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে প্রায় সাড়ে পাঁচ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হবে বলে জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সেনা বাহিনীর সদস্যদের কর্মপরিধিতে বলা হয়, চার কোম্পানি সেনা সদস্য তিনটি থানায় একটি করে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়া একটি কোম্পানি রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিজার্ভ হিসেবে থাকবে। সেনা সদস্যরা রিটার্নিং অফিসারের নির্দেশক্রমে নির্বাচনের যাবতীয় দায়িত্ব পালন করবে। ভোটের আগে তাদের কাজের বিষয়ে বলা হয়, ভোটের দুই দিন আগে স্বীয় দায়িত্বপূর্ণ এলাকার প্রতিটি ওয়ার্ডে টহলে থাকবে এবং যে কোন ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা করবে। ভোটের দিন প্রতি ওয়ার্ডে টহল এবং অন্যান্য নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে সেনা সদস্যরা। এছাড়া কোনো ধরনের বিশৃঙ্খলামূলক কিংবা সহিংস ঘটনা সংগঠিত হতে না পারা, ভোটকেন্দ্রে যাওয়া যায়নি বা যেয়েও ভোট দিতে পারেনি তা রোধ বা ভোট দেওয়ার পর হিংসা ও বিদ্বোষের শিকার হওয়ার কোনো ঘটনা না ঘটার বিষয়গুলো দেখবে সেনা সদস্যরা। এছাড়া রিজার্ভ কোম্পানির সদস্যরা ভোটের দিন সকাল থেকে রির্টানিং অফিসারের কার্যালয়ের কন্ট্রোল রুমের নিরাপত্তা রক্ষা ও নিরাপত্তাবলয় নিশ্চিত করবে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে যে কোনো ধরনের নাশকতামূলক কার্যাদি প্রতিহত করবে এবং এ কার্যারয়ে অনুমোদিত ব্যাক্তির প্রবেশ রহিত করবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনী ছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ এবং তাদের কার্যাবলী সম্বলিত একটি পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করবে বলে চিঠিতে জানানো হয়। সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নিয়োগ সংক্রান্ত বিষয়ে মোতায়েন আদেশ জারি করবে। সেনাসদস্যরা ২৮ অক্টোবর ২০১১ সকাল ৬টা থেকে ১ নভেম্বর ২০১১ রাত ৯টা পর্যন্তনিয়োজিত থাকবে। চার শতাধিক পর্যবেক্ষক থাকতে পারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দেশি-বিদেশি চার শতাধিক পর্যবেক্ষক থাকতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। এ কর্মকর্তা জানান, পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ভোট কেন্দ্রে কোনো পর্যবেক্ষক স্থায়ীভাবে অবস্থান করতে পারবেন না। প্রতি দলে পাঁচজনের বেশি সদস্য এবং অননুমোদিত কোনো সদস্য পর্যবেক্ষণের কাজে অংশ নিতে পারবেন না। নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের শেষ দিনে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত আড়াই শতাধিক আবেদন পাওয়া গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫০ ঘ.