সিলেট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ছাত্রলীগ কর্মী আল-মামুন খুনের ঘটনায় ৭০-৮০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নিহতের বন্ধু শরীফুল ইসলাম রনি বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, বুধবার রাত ১১টায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
যাদের নাম উল্লেখ করা হয়েছে এরা সবাই ছাত্রদলের নেতা-কর্মী। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।
মঙ্গলবার জিন্দাবাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে আল মামুন (১৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ছাত্রলীগ এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে।
কর্মী মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। এসময় শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। হামলা ও ভাংচুরের প্রতিবাদে ব্যবসায়ীরা বুধবার দুুপুরে নগরীতে ধর্মঘটও করে।
মামুন মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/সিএস/আরএ/১৫৩৭ ঘ.
bdnews24