২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলের নগরী চাঁপাইনবাবগঞ্জ

খালেদা জিয়ার রোড মার্চের জনসভা উপলক্ষে বুধবার মিছিলের নগরীতে পরিণত হয়েছিলো চাঁপাইনবাবগঞ্জ শহর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার রোড মার্চের জনসভা উপলক্ষে বুধবার মিছিলের নগরীতে পরিণত হয়েছিলো চাঁপাইনবাবগঞ্জ শহর। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা মিছিলে মিছিলে ভরে উঠেছিলো সীমান্তবর্তী ছোট এ শহরটি। কেউ এসেছিলেন গাড়িতে চড়ে, এর মধ্যে গরুর গাড়ি নিয়েও মিছিল আসতে দেখা গেছে। সব মিছিলের গন্তব্য ছিলো- চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। উত্তরাঞ্চলে রোড মার্চের শেষ দিনে এই জনসভার আয়োজন করেছিলো চারদলীয় জোট। বিকালে জনসভা হলেও মাঠের চারদিকে বিশাল এলাকাজুড়ে ছিলো মানুষের ঢল। বিকাল ৫টা ১০ মিনিটে খালেদা জিয়া জনসভাস্থলে আসার আসার পরও বিভিন্ন স্থান থেকে মিছিল আসছিলো। মাঠের চার দিক নানা বর্ণের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়। বড় বড় গাছের পাশে টানানো হয় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি। মিছিল আর রোড মার্চের বিশাল গাড়িবহরের কারণে বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য থমকে ছিলো চাঁপাইনবাবগঞ্জ শহর। জনসভায় নেতাদের নিরাপত্তায় মঞ্চের চারপাশে পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেষ্টনী তৈরি করে রাখে। পাশাপাশি বিএনপিও নিয়োগ করে কয়েকশ স্বেচ্ছাসেবক। সরকারি কলেজ মাঠের পূর্ব প্রান্তে নির্মাণ করা হয় বিশাল মঞ্চ। মঞ্চে স্থাপিত ব্যানারে খালেদা জিয়ার বিশাল প্রতিকৃতির পাশেই ছিলো জিয়া ও তারেক রহমানের ছবি। মূল মঞ্চে চার দলের শীর্ষ নেতারা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সহসভাপতিসহ লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ সমমনা দলের নেতারা বসেন। জনসভা উপলক্ষে শহরের প্রবেশ পথ থেকে শুরু করে জনসভাস্থল পর্যন্ত খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে স্থাপন করা হয় অর্ধ শতাধিক তোরণ। এসব তোরণে তারেক রহমানের ছবিও স্থান পায়। ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর চাঁপাইনবাবগঞ্জে এটাই খালেদা জিয়ার প্রথম জনসভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৫৫ ঘ.