নওগাঁ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহ মামলায় মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেছেন, তাকে গ্রেপ্তার করা হলে পরিণতি 'শুভ' হবে না।
উত্তরাঞ্চলে রোড মার্চের দ্বিতীয় ও শেষ দিনে বুধবার দুপুরে নওগাঁর এ টিম খেলার মাঠে এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, "মুফতি আমিনী সাহেবকে সরকার গৃহবন্দি করে রেখেছে। তাকে বাসা থেকে বেরুতে দিচ্ছে না। আমরা বলে দিতে চাই- অবিলম্বে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন। আমিনী সাহেবকে গ্রেপ্তার করা হলে পরিণতি শুভ হবে না।"
সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলার কথা বলায় রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির জোট শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনীকে গ্রেপ্তারে গত বৃহস্পতিবার পরোয়ানা জারি করে আদালত।
খালেদা জিয়া জামায়াতে ইসলামীর গ্রেপ্তার নেতাদের মুক্তিরও দাবি জানান।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, "বিদেশিরা এই সেতু নির্মাণে যে অর্থ দিয়েছিলো- সরকার তা খেয়ে ফেলেছে। এ জন্য বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে।"
পদ্মা সেতুর মতো একটি বড় প্রকল্প বাস্তবায়ন বিদেশি অর্থায়ন ছাড়া সম্ভব নয় মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে পদ্মাসেতু নির্মাণ হবে না। তাই এদের বিদায় দিতে হবে।"
দলীয় সরকারের অধীনে নির্বাচনে সরকারের যে কোনো উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও হুমকি দেন বিরোধীদলীয় নেতা।
মঙ্গলবার ঢাকা থেকে চারদলীয় জোটের রোড মার্চ শুরু করে বিকালে বগুড়া পৌঁছায় খালেদার গাড়িবহর। বগুড়ায় রাত কাটিয়ে সকালে নওগাঁর পথে রওনা হন খালেদা।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে এ রোড মার্চ চাঁপাইনবাবগঞ্জে জনসভার মধ্য দিয়ে শেষ হবে।
খালেদার গাড়িবহর যাওয়ার পথে বগুড়া থেকে নওগাঁ পর্যন্ত ৪৮ কিলোমিটার পথে বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে। তারা খালেদা জিয়ার গাড়িতে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়। খালেদাও বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে নারী-শিশুদের শুভেচ্ছার জবাব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24