বগুড়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে দাবি করে খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার ভয় পেয়ে রোড মার্চে বাধা দিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জমুখী চারদলীয় জোটের রোড মার্চে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় বিরোধীদলীয় নেতা এ অভিযোগ করেন।
বিকাল পৌনে ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত হাটিকুমরুলে মহাসড়কের পাশে এলজিইডি মাঠে পথসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। ওই সময়ে উত্তরাঞ্চলের ব্যস্ততম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় দেখা দেয় ব্যাপক যানজট।
হাটিকুমরুলে পথ সভার পর বৃষ্টির মধ্যে গাড়িবহন নিয়ে বগুড়া রওনা হন তিনি। বিকাল ৫টার দিকে তিনি সরাসরি বগুড়ার জনসভাস্থল আফলাতুন্নেসা খেলার মাঠে যান।
জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাস্তার ধারে সার বেঁধে দাঁড়িয়েছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা। জনসভাস্থলে খালেদা পৌঁছালে করতালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে ওই মাঠ।
সিরাজগঞ্জ এর পথসভা শেষে খালেদার গাড়িবহর বিকাল সাড়ে ৩টায় বগুড়ার পথে রওনা হয়। বগুড়ার পথে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। এর মধ্যেই বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক বৃষ্টিতে ভিজে তারেক রহমানে প্রতিকৃতি হাতে স্লোগান ও শুভেচ্ছা জানায় খালেদা জিয়াকে।
খালেদাকে শুভেচ্ছা জানিয়ে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত কয়েকশ তোরণ দেখা যায়।
খালেদা হাটিকুমরুলের পথসভায় বলেন, "সরকার আমাদের রোড মার্চকে ভয় পাচ্ছে। অনেক গাড়ি আসতে দেওয়া হয়নি। বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলেছে। বিভিন্ন স্থানে বাধার সৃষ্টি করা হয়েছে।"
সিরাজগঞ্জ বিএনপির অভিযোগ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেলকুচি ও এনায়েতপুর থানার নেতা-কর্মীরা বাস ও ভটভটিতে চড়ে আসার পথে সরকার সমর্থকরা তাদের মারপিট করে নামিয়ে দেয়। এসময় বেশ কয়েকজন আহত হয়। টাঙ্গাইল ও গাজীপুরেও একইভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে।
বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরে সরকারকে হুঁশিয়ার করে বিরোধীদলীয় নেতা বলেন, "এসব কর্মকাণ্ড বন্ধ করুন। নইলে যে ভাষায় কথা বলছেন, সেই ভাষায় জবাব দিতে বাধ্য হবো।"
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে খালেদা বলেন, "বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ না করলেও ভারতকে দেওয়া ওয়াদা পূরণ করেছে। বিনা শুল্কে ট্রানজিট দিয়েছে। প্রতিবেশী দেশের বস্তা বস্তা টাকা নিয়ে তারা ক্ষমতায় বসেছে। এদের দেশপ্রেম নেই। জনগণের প্রতিও কোনো অঙ্গীকার নেই।"
যুদ্ধাপরাধীর বিচারে আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে না দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, "বিচারের নামে প্রহসন চলছে। সরকারবিরোধী চারদলীয় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধাপরাধীর বিচার করতে হলে আগে নিজের দল ও পরিবারের ভেতরে লুকিয়ে থাকা যুদ্ধাপরাধীদের ধরে বিচার করুন।"
জামায়াতের ইসলামীর নেতা-কর্মীরা দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের প্রতিকৃতি নিয়ে পথসভায় যোগ দেন। যুদ্ধাপরাধের অভিযোগে এ দুই নেতাই আটক রয়েছেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, "আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়। তারা রণাঙ্গনে নয়, যুদ্ধের সময় এপার-ওপার করেছেন। অন্য দিকে বিএনপিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। এ দলের নেতা রণাঙ্গনে যুদ্ধ করেছেন।"
তরুণ প্রজন্মকে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে খালেদা বলেন, "তোমাদের সঙ্গে নিয়ে এই তাবেদার-বেঈমানদের ক্ষমতা থেকে সরাবো। আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতে থাকবে। নতুন প্রজন্মের হাতে দেশ ও স্বাধীনতা নিরাপদ থাকবে।"
পথসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে উত্তরাঞ্চলে এ রোড মার্চ করছে চারদলীয় জোট। বগুড়ায় রাত কাটিয়ে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জনসভার মধ্য দিয়ে এ রোড মার্চ শেষ হবে।
সকাল সোয়া ১০টায় রাজধানীর উত্তরা থেকে খালেদার নেতৃত্বে রোড মার্চ শুরু হয়। প্রথম পথসভা হয় গাজীপুরের কালিয়াকৈরে। এরপর পথসভা হয় টাঙ্গাইলের ভুয়াপুরে। এরপর হাটিকুমরুলে।
ভুয়াপুরের পথসভায় খালেদা বলেছেন, পদ্মা সেতুতে 'দুর্নীতি' দেশের জন্য লজ্জা। এ কারণে অন্য দাতা গোষ্ঠীও সহায়তা বন্ধ করে দেবে।
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে উল্লেখ করে কালিয়াকৈরের পথসভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী এরশাদকে নিয়ে নির্বাচন করার যে স্বপ্ন দেখছেন, সে গুঁড়েও বালি পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/১৭২৪ ঘ.
bdnews24