টাঙ্গাইল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতুতে 'দুর্নীতি'র কারণে অন্য দাতা গোষ্ঠীও সহায়তা বন্ধ করে দেবে।
চাঁপাইনবাবগঞ্জমুখী রোড মার্চে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ভুয়াপুরে পথসভায় এ কথা বলেন তিনি। এর পর বেলা পৌনে ৩টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় পৌঁছেন তিনি।
ভুয়াপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে জনসভায় বিরোধীদলীয় নেতা সরকারবিরোধী আন্দোলন জোরদারের অঙ্গীকার করে বলেন, "এ আন্দোলনে সরকার জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।"
পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের বিষয়টি তুলে ধরে খালেদা বলেন, "এটা চুরি নয়, ডাকাতি করেছে তারা (সরকার)। ক্ষমতাসীনরা সেতু প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছে। বিশ্বব্যাংকের অর্থায়ন ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। অন্য দাতারাও অর্থায়ন বন্ধ করে দেবে।"
পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বন্ধ হওয়াকে দেশের জন্য 'লজ্জা' বলে অভিহিত করেন বিএনপি চেয়ারপাসন, যদিও সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যানের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দুদিন আগেই বলেন, এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না।
খালেদা বলেন, "দুর্নীতির পেছনে কারা আছে, তার একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে বিশ্বব্যাংক ইতোমধ্যে দিয়েছে। তারপরও প্রধানমন্ত্রী কারো বিরুদ্ধে ব্যবস্থা নেননি।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে উত্তরাঞ্চলে এ রোড মার্চ করছে চারদলীয় জোট। বগুড়ায় রাত কাটিয়ে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জনসভার মধ্য দিয়ে এ রোড মার্চ শেষ হবে।
সকাল সোয়া ১০টায় রাজধানীর উত্তরা থেকে খালেদার নেতৃত্বে রোড মার্চ শুরু হয়। প্রথম পথসভা হয় গাজীপুরের কালিয়াকৈরে।
সরকার পতনের আন্দোলনে জনগণকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে খালেদা টাঙ্গাইলের পথসভায় বলেন, "আন্দোলন শুরু হয়ে গেছে। ঘরে ঘরে আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। এই আন্দোলনে সরকার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।"
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, "সর্বত্র জুলুম নির্যাতন চলছে। গুম, হত্যা প্রতিনিয়ত হচ্ছে। সরকারের তিন বছরে ১২ হাজার মানুষ খুন হয়েছে। আইনশৃঙ্খলার চরম অবনতি। এভাবে আর চলতে পারে না।"
ভারতের সঙ্গে চুক্তির সমালোচনা করে খালেদা বলেন, "সব কিছু ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভারতীয়রা আমাদের সব শিল্প-কারখানা কিনে নিচ্ছে। কেবল তাই নয়, ট্রানজিটের নামে করিডোর দেয়া হয়েছে। বলছে, এটা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অতীতে ফারাক্কা বাঁধও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিলো, ওই পরীক্ষা এখনো চলছে।"
ট্রানজিটের জন্য মাশুল আদায়ের দাবিও জানান তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলার উন্নয়ন করা হবে বলে ঘোষণা দেন খালেদা।
পথসভায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা স্মরণ করে তিনি বলেন, "ভাসানী যেভাবে সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তেমনি টাঙ্গাইলের মানুষ এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজপথে নামবেন।"
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আজম খানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবুল কালাম আজাদ, সুলতান সালাহউদ্দিন টুকু, শামসুল আলম তোফা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/১৫৪১ ঘ.
bdnews24