২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে রোড মার্চে যোগ দিতে বাধা

চারদলীয় জোটের ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চে অংশ নিতে আসা নেতা-কর্মীদের সিরাজগঞ্জে সরকার সমর্থকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা এ অভিযোগ নাকচ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চে অংশ নিতে আসা নেতা-কর্মীদের সিরাজগঞ্জে সরকার সমর্থকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা এ অভিযোগ নাকচ করেছে। বিএনপি নেতারা বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেলকুচি ও এনায়েতপুর থানার নেতা-কর্মীরা বাস ও ভটভটিতে চড়ে আসার পথে তাদের মারপিট করে নামিয়ে দেওয়া হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে বেলকুচি থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন আকালিয়া রয়েছেন। রোড মার্চ করে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় খালেদার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বেলকুচি থানা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর ইউনিয়নের নেতাকর্মীরা ভটভটি করে এবং এনায়েতপুর ও বেলকুচির নেতা-কর্মীরা বাসে করে সিরাজগঞ্জ যাওয়ার পথে কান্দাপাড়া মোড়, কলেজ মোড়, মুকুন্দগাঁতী বাজার ও চালা মোড়ে সরকার সমর্থকরা তাদের যানবাহন থেকে নামিয়ে মারপিট করে। তবে বেলকুচি থানার ওসি মোস্তাফিজ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় ধরনের গোলযোগের কোনো সংবাদ তিনি পাননি। তবে চালা মোড়ের এ ধরনের ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচ্ছিন্ন এ ঘটনাগুলোর সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৪৫ ঘ.