২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে সম্মেলন করবে ছাত্র ইউনিয়ন

শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বিশ্ববিদ্যায় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কৌশলপত্র বাস্তবায়নের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনসহ আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মেলন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বিশ্ববিদ্যায় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কৌশলপত্র বাস্তবায়নের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনসহ আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মেলন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ছাত্র ইউনিয়ন ঢাকা মহনগর সংসদ আয়োজিত এক ছাত্র সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম শুভ। প্রতি বছর শিক্ষা ব্যয় বৃদ্ধির মাধ্যমে শিক্ষাকে সাধারণ জনগণের নাগালের বাইরে নেওয়া হচ্ছে মন্তব্য করেন তিনি বলেন, "১৯৭২-৭৩ অর্থবছরে শিক্ষা খাতে বাজেটের ২১.১৪ শতাংশ বরাদ্দ ছিল। পরে প্রতি বছর এ হার কমেছে। কমতে কমতে ২০১০-১১ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১২.১৩ শতাংশে।" বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেতন ফি এবং শিক্ষা ব্যয় বৃদ্ধির জন্য ইউজিসির ২০ বছর মেয়াদি কৌশলপত্রকে দায়ী করেন শুভ। বিশ্ব ব্যাঙ্কের পরামর্শে ২০০২ সালে ২০ বছর মেয়াদি কৌশলপত্র প্রণয়ন করে ইউজিসি। এ কৌশলপত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি অর্থ বরাদ্দ কমিয়ে নিজস্ব অর্থায়নে চলার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে নয় দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো- ইউজিসি কৌশলপত্র বাতিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারাসহ বানিজ্যবান্ধব সব ধারা বাতিল, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, ভর্তি এবং সিট বাণিজ্য বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুষ্ঠু নীতিমালা এবং ছাত্র সংসদ চালু করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/১৯২৩ ঘ.