পিরোজপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার বাদি ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান সদর থানার ওসি মো. মিজানুর রহমান।
গ্রেপ্তারকৃত রাজ্জাক পিরোজপুর জেলার দিগন্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি।
শুক্রবার দুপুরে শহরের বাইপাস সড়কে জেলা পরিষদের সামনে থেকে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর সমর্থক ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিরোজপুরে দায়ের একটি যুদ্ধাপরাধ মামলার বাদি মুক্তিযোদ্ধা মানিক পশারী ও জিয়ানগর উপজেলার মুক্তিযোদ্ধা কমাণ্ডার মাহাবুবুল আলমসহ মামলার অন্যান্য স্বাক্ষীদের হত্যা-ভয়ভীতি ও হুমকি দেয়। এজন্য তারা থানায় একাধিক সাধারণ ডায়রিও করেছেন।
মানিক পশারী ও মাহাবুবুল আলম সাঈদীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছেন।
এদিকে রাজ্জাককে গ্রেপ্তারের ঘটনায় শনিবার সকালে জেলা ছাত্রলীগ শহরে মিষ্টি বিতরণ করে এবং একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪৮ ঘ.
bdnews24