ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রতিক নিউইয়র্ক সফরে বিএনপি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর করা একটি মন্তব্যের সমালোচনা করেছেন দলটির স্থায়ী কমিটির এক সদস্য।
স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ বুধবার বলেন, "নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি চোর বাটপারদের সঙ্গে কথা বলেন না। বিরোধী দলকে উদ্দেশ্য করেই তিনি এ কথা বলেছেন। আমরা মনে করি এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।"
খালেদা জিয়ার দুই ছেলে আরাফাত রহমান কোনো ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারই খালেদার মূল দাবি- এ মন্তব্য করে গত ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনা বলেন, "তাই তাদের সঙ্গে বৈঠকে কোনো সুফল পাওয়া যাবে বলে আমি মনে করি না।"
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে এ কথা বলেন হাসিনা। এ সময় তিনি খালেদার সঙ্গে কোনো আলোচনার বিষয়টি নাকচ করেন।
বর্তমান সরকার 'দুর্নীতির আখড়া' দাবি করে হান্নান শাহ বলেন, "যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে বিশ্বব্যাঙ্ক সহযোগিতা বন্ধ করে দিয়েছে। দাতা গোষ্ঠীরা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, চোর বাটপার কারা?"
পদ্মাসেতু প্রকল্পের জন্য ১২০ কোটি ডলার অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাঙ্ক। তবে প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় এর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রতিশ্রুত অর্থসাহায্য স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন হান্নান।
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অঙ্গসংগঠন যুব জাগপার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জাগপার প্রেসিডেন্ট শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/১৮০৯ ঘ.
bdnews24