সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। শুধু জনসভাস্থল নয়, আশপাশের সড়কগুলো ছিলো লোকে লোকারণ্য।
আলীয়া মাদ্রাসা মাঠে চারদলীয় জোটের জনসভা চলছে। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই সিলেটে চারদলীয় জোটের প্রথম জনসভা।
বেলা সোয়া ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন সেখানে পৌঁছালে মুহুর্মুহু করতালি আর স্লোগানে তাকে স্বাগত জানায় নেতা-কর্মী-সমর্থকরা। মঞ্চে উঠে হাত তুলে সমর্থকদের অভিনন্দনের জবাব দেন তিনি।
এর আগে নগরীর রিকাবিবাজার ভিআইপি সড়ক, চৌহাট্টা-জিন্দাবাজার রোড, দরগা গেইট সড়ক, আম্বরখানাসহ দরগার আশে-পাশের সড়কে মানুষের ঢল নামে। উঁচু দালান ও গাছেও লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আর মাদ্রাসা মাঠের চার দিক ছেয়ে গেছে নানারকম ব্যানার-ফ্যাস্টুনে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতিসহ যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর কারাবন্দি নেতা মতিউর রহমান নিজামীসহ অন্যদের মুক্তির দাবি সম্বলিত সম্বলিত ব্যানার দেখা গেছে মঞ্চের কর্মী-সমর্থকদের হাতে।
'মিছিলের নগরী'
দুপুর ১২টা থেকে জনসভা অভিমুখে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল আসতে শুরু করে। কর্মীরা 'শেখ হাসিনা দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ', 'খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে', 'এই মুর্হর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার' এ ধরনের স্লোগানে চারদিক মুখরিত করে তোলে।
সিলেট মহানগর ছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলা থেকে বিএনপিসহ চারদলের নেতা-কর্মীরা বাস-ট্রাকে করে এই জনসভায় যোগ দেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, খুলনা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে রোড মার্চের সঙ্গে এসেছেন হাজারো নেতা-কর্মী। নারীদের উপস্থিতিও ছিলো ব্যাপক।
মঞ্চ ও নিরাপত্তা
মঞ্চে বিএনপি, জামায়াতে ইসলামী, বিজেপি ও ইসলামী ঐক্যজোটের পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারাও রয়েছেন। জনসভাকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জনসভায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) প্রায় এক হাজার সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তার জন্য বসানো হয়েছে আটটি ক্লোজ সার্কিট ক্যামেরা। যে কোনো ধরনের গোলযোগ সৃষ্টিকারীদের সাজা দিতে দুজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
বিএনপির কয়েক হাজার স্বেচ্ছাসেবকও কাজ করছেন শৃঙ্খলা রক্ষায়।
মিছিলময় শহরে যানজট
এদিকে মিছিলের কারণে দুপুর আড়াইটার পর নগরীর প্রধান সড়কগুলোতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে বন্দর সড়ক, আম্বরখানা, দরগা রোড, হাসপাতাল রোড, চৌহাট্টা সড়ক ছিলো মিছিলময়। ফলে শহরের প্রবেশদ্বার সুরমা কিন ব্রিজ, শাহজালাল সেতু সড়ক, বন্দর বাজার, এয়ার পোর্ট সড়ক, তামাবিল সড়ক, সুনামগঞ্জ সড়কে যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত সংগঠনের লক্ষ্যে খালেদা জিয়ার এ রোড মার্চ। সিলেটের পর রাজশাহী অভিমুখে রোড মার্চ করবেন বিএনপি চেয়ারপারসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭৪২ ঘ.
bdnews24