নারায়ণগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি আবার জানিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে সিলেটমুখী রোড মার্চে নারায়ণগঞ্জের তারাব বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।
খালেদা বলেন, "এ সরকারের পায়ের নিচে মাটি নেই্। তাদের ক্ষমতা থেকে হটাতে হবে। কোনো দলীয় সরকার নয়, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে।"
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে এলেও আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, এ পদ্ধতি ফিরিয়ে আনার সুযোগ আর নেই।
বর্তমান নির্বাচন কমিশন 'নিরপেক্ষ' নয় দাবি করে খালেদা বলেন, "এই কমিশন আজ্ঞাবহ কমিশন। আমরা এই ধরনের কমিশন মানবো না।"
সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সিলেট অভিমুখে রোড মার্চ কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারপারসন।
রূপগঞ্জ উপজেলার তারাব বাসস্ট্যান্ডে দুপুর সাড়ে ১২টার দিকে পথসভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় নেতা কাজী মুনীরুজ্জামান।
ঢাকা থেকে তারাব পর্যন্ত বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা দুই ধারে দাঁড়িয়ে খালেদাকে শুভেচ্ছা জানান। তিনিও হাত নেড়ে তার জবাব দেন।
খালেদা পথসভায় বলেন, "দেশের মানুষ ভালো নেই। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জনগণের আজ নাভিঃশ্বাস উঠেছে।"
সরকারকে 'দুর্নীতিগ্রস্ত' আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "এ সরকার পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে। দুর্নীতির কারণেই পদ্মাসেতু প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক।"
"বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তাদের যে সব প্রভুরা ক্ষমতায় বসিয়েছে, তারাও মুখ ফিরিয়ে নিয়েছে," বলেন খালেদা।
নারায়ণগঞ্জ জেলায় তাঁত শিল্পের নাজুক অবস্থার জন্য সরকারের নীতিকে দায়ী করেন তিনি।
"তাদের ভুল নীতির কারণে বস্ত্র ও তাঁত শিল্প ধ্বংস হয়ে গেছে। অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা বেকার হযেছে," বলেন খালেদা।
সরকার পতনের আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, "এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের দুর্ভোগ বাড়বে। '৭৪ এর মতো পরিস্থিতি সৃষ্টি হবে। তাই আন্দোলনের মাধ্যমে এদের হটাতে হবে।"
পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার প্রমুখ।
চারদলীয় জোটের এ রোডমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি রয়েছে। খালেদার গাড়িতে রয়েছেন তার ছোটভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।
সিলেট পৌঁছনোর আগে ২৬৫ কিলোমিটার দীর্ঘ পথে বিরোধীদলীয় নেতা তারাবর পর পাঁচটি পথসভায় বক্তব্য দেবেন। নরসিংদীর ইটাখোলা, ব্রাক্ষণবাড়িয়ার কোট্টাপাড়া, কিশোরগঞ্জের ভৈরব, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুরে পথসভাগুলো হবে।
মঙ্গলবার বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হবে এ রোড মার্চ।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে গত ২৭ সেপ্টেম্বর এই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন খালেদা।
তবে সরকারি দলের নেতাদের দাবি, আন্দোলনের আড়ালে যুদ্ধাপরাধীদের বাঁচানোই এ কর্মসূচির লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩১ ঘ.
bdnews24