২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চের কারণে বাস সঙ্কট রাজধানীতে

সরকার পতনের ডাকে জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে সিলেটমুখী চারদলীয় জোটের রোড মার্চের কারণে পরিবহন সঙ্কটে পড়েতে হয়েছে রাজধানীবাসীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পতনের ডাকে জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে সিলেটমুখী চারদলীয় জোটের রোড মার্চের কারণে পরিবহন সঙ্কটে পড়েতে হয়েছে রাজধানীবাসীকে। সোমবার সকালে মহাখালী, মতিঝিল, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন রুটের শত শত অফিসগামী যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার জন্য মতিঝিলে অপেক্ষারত শিক্ষার্থী হিমীকা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখান থেকে জাহাঙ্গীরনগর রুটে হানিফ এবং সুপার এই দুটি পরিবহনের গাড়ি চলে। কিন্তু আজ সকাল ৭টা থেকে দাঁড়িয়ে থেকেও পৌনে ৯টা পর্যন্ত কোনো গাড়ি পাইনি।" এ সময় হিমীকার মতো এ রকম অনেক পরীক্ষার্থীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাড্ডার শাহজাদপুর থেকে নিউমার্কেটের দিকে আসা চাকরিজীবী হাসান শাহরিয়ার বলেন, "সকালে আসার সময় রাস্তায় যানজট না থাকলেও গাড়ি সংখ্যা কম ছিলো।" চারদলীয় জোটের রোড মার্চের কারণে গাড়ি সঙ্কটের সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি। বস্ত্র দপ্তরের সহকারী পরিচালক ফরিদুল আজাদ উইনার পরিবহনের একটি বাসে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি বলেন, "আমি প্রতিদিন নাবিস্কো থেকে বাসে উঠি। আজ অন্যদিনের থেকে ডাবল সময় আমাকে বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে।" চারদলীয় জোটের রোড মার্চ ব্যবস্থা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা সাদেক হোসেন খোকা রোববার এক সাংবাদিকদের বলেন, "রোড মার্চে কম-বেশি ৩ হাজার গাড়ি অংশ নেবে।" সকাল ৭টা থেকেই মগবাজার, কাকরাইল এবং পুরানা পল্টনের রাস্তায় বেশকিছু বিএনপিরদলীয় স্টিকার লাগানো গাড়িকে নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে দেখা যায়। সকাল ১০টা ৫০ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রোড মার্চ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএ/এমআই/১২৫০ ঘ.