ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নীতি নির্ধারকরা চাইছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভিকে সমর্থন দিতে। দলীয় সভনেত্রী শেখ হাসিনার পাল্লাও আইভির দিকেই ভারী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভি এবং সাবেক সাংসদ শামীম ওসমান দলের সমর্থন প্রত্যাশী।
তবে, দলীয় নীতিনির্ধারকদের সঙ্গে রোববার রাতে এক বৈঠকে শেখ হাসিনা নারী ক্ষমতায়নের পক্ষে তার মনোভাব প্রকাশ করেন।
সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, মাহাবুব-ঊল-আলম হানিফসহ আওয়ামী লীগের ছয় সাংগঠনিক সম্পাদক গণভবণে রোববার রাতে শেখ হাসিনার সঙ্গে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৈঠক করেন।
বৈঠকে সাজেদা চৌধুরী তার সঙ্গে আইভি ও শামীম ওসমানের রোববার দুপুরের পৃথক বৈঠকের বিষয়ে দলীয় সভানেত্রীকে জানান।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাম না প্রকাশ করার শর্তে বলেন, "নেত্রী বলেছেন, 'আমি তো সব সময়ই নারী ক্ষমতায়নের পক্ষে। আর, দেশের কোথাও তো নারী মেয়র নেই। একটি সিটি কর্পোরেশন থেকে যদি একজন নারী মেয়র হয়- তাহলে তো অসুবিধা নেই।'
"তবে, তিনি এও বলেছেন যে, দলের পক্ষে থেকে এই দু'প্রার্থীর কারো ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না।"
এ সময়, শেখ হাসিনা বলেন, কে দলীয় সমর্থন পাবে তা আইভি ও শামীম ওসমানকে এক জায়গায় বসে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
শামীম ওসমান মেয়র প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে তা হলে পরবর্তীতে তাকে অন্য কোনো পদ দেওয়া হবে? এ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে রোববার রাতের বৈঠকে দলীয় নীতি নির্ধারকদের কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, "এটা তো হিসাবেই পড়ে। দলের প্রতি শামীম ওসমানের অবদান তো অস্বীকার করা যাবে না। শামীম ওসমান তার প্রার্থিতা প্রত্যাহার করলে তিনি অবশ্যই জেলা আওয়ামী লীগের বড় পদটির দাবিদার হবে। আর, সামনে তো জাতীয় নির্বাচনও আছে।"
রোববার দুপুর পর্যন্ত আওয়ামী লীগের নীতি নির্ধারকরা কোনো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভির মধ্যে মেয়র পদে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন সে সিদ্ধান্ত নিতে পারেননি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও মাহাবুব-উল-আলম হানিফের সঙ্গে এই দু'প্রার্থীর রোববার দুপুরের পৃথক বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
পরে হানিফ বলেন, তারা আগামী মঙ্গলবার দলীয় সিদ্ধান্ত জানাবেন।
গত ২ অক্টোবর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুই পরিবারের সদস্য শামীম ও আইভিকে নিয়ে গণভবনে বসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেদিন কোনো সমঝোতা হয়নি। শনিবারও এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ শনিবার বলেছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে রোববার তারা তাদের দলীয় সিদ্ধান্ত জানাবেন।
৩০ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে আইভি এবং শামীম ওসমান ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য জমা পড়া ৮ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০১১১ ঘ.
bdnews24