২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চ সফলে সিলেটে প্রচার

সিলেটে রোড মার্চ ও জনসভা সফল করতে নগরীতে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছেন বিএনপি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

সিলেট, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে রোড মার্চ ও জনসভা সফল করতে নগরীতে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছেন বিএনপি নেতারা। দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় রোড মার্চ ও জনসভার প্রচার চলানো হয়। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। আগামী ১০ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকায় থেকে সিলেট অভিমুখে চারদলীয় জোটের রোড মার্চ শুরু হবে। ১১ অক্টোবর বিকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা হবে। সিলেট পৌঁছার আগে বিভিন্ন স্থানে নয়টি পথসভায় বক্তব্য রাখবেন বিরোধী নেত্রী। মো. শাহজাহান সাংবাদিকদের জানান, প্রায় ৩ হাজার গাড়ির বহর নিয়ে ঢাকা থেকে রোড মার্চ শুরু হবে। তিনি বলেন, "খালেদা জিয়ার জনসভাকে ঘিরে সিলেটে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা প্রমাণ করে দেশের মানুষের মধ্যে কী পরিমাণ সরকার বিরোধী ক্ষোভ বিরাজ করছে। "মানুষ কেবল নির্দেশের অপেক্ষায় রয়েছেন। সিলেট থেকে খালেদা জিয়া সেই নির্দেশনাই দেবেন। যা ছড়িয়ে পড়বে পুরো দেশে।" গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে জনসভায় রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেন খালেদা। তিনি বলেন, রোডমার্চের পর সরকার পতনের 'ফাইনাল ম্যাচের' প্রস্তুতি নেবে বিএনপি। ইলিয়াস আলী অভিযোগ করেন, রোড মার্চ ও জনসভা বানচাল করতে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের যানবাহন নগরীতে ঢুকতে বাধা দিচ্ছে। এছাড়া পুলিশ বিএনপির জনসভার পোস্টার ছিড়ে ফেলছে বলেও অভিযোগ করেন তিনি। প্রচারপত্র বিলির সময় শাহজাহান ও ইলিয়াসের সঙ্গে ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬৩৫ ঘ.