চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার মহানগর জামায়াতে ইসলামীর অফিস সহকারী বদিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে (রিমান্ড) নিতে আদালতে আবেদন জানাবে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাওয়া হবে।
তিনি বলেন, "সে (বদি) ওই হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেয় এবং এ সময় তার কোমরে একটি পিস্তল ছিলো, যা সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।"
শুক্রবার বিকালে মহেশখালী থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতের অফিস সহকারী বদিকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৯ সেপ্টেম্বরের সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, বদির স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর বাকলিয়ায় ছাত্র শিবিরের নগর কার্যালয়ে অভিযান চালিয়ে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, বেশকিছু হকিস্টিক ও ক্রিকেট খেলার স্ট্যাম্প, ইটের টুকরো এবং লিফলেট উদ্ধার করা হয়।
ওসি ইসমাইল বলেন, "বদিউর বলেছে, ১৯ সেপ্টেম্বর হামলা তাদের পূর্বপরিকল্পিত এবং ঘটনার বেশ কয়েকদিন আগে তারা ছাত্র শিবির কার্যালয়ে বৈঠক করে পরিকল্পনা করে। এতে জামায়াতে ইসলামীর শীর্ষনেতারা ছিলেন।"
গত ১৯ সেপ্টেম্বরে নগরীর মুরাদপুরে সংঘর্ষের সময় জামায়াত ও ছাত্র শিবিরের হামলায় পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুল মান্নানসহ চার পুলিশ আহত হন।
ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে ৯৫ জনের নাম উল্লেখ করে তিন হাজার জনকে আসামি করে একটি মামলা করে। এতে নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাজাহান চৌধুরীর নাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫২৩ ঘ.
bdnews24