নাটোর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ ডাকায় নাটোরে সানাউল্লাহ নূর বাবুর স্মরণসভা আর করতে পারেনি বিএনপি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি হয়েছে, যার সমালোচনা করেছে তারা।
বনপাড়া পৌরসভার সাবেক মেয়র বাবুকে গত বছরের ৭ অক্টোবর প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার বার্ষিকীতে শুক্রবার বিকালে বড়াইগ্রাম পৌরমাঠে স্মরণসভা ডাকে স্থানীয় বিএনপি।
তবে আওয়ামী লীগ ওই স্থানে একই সময়ে কর্মিসভার ঘোষণা দিলে স্থানীয় প্রশাসন কাউকেই সভা করতে দেয়নি।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ১৪৪ ধারা জারি করে শনিবারও সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরমাঠে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
পৌরমাঠের আশেপাশে পুলিশ অবস্থান নিয়েছে। বিএনপি শুক্রবার মাঠে একটি মঞ্চ তৈরি করেছিলো। শনিবার সকালে মঞ্চটি ভেঙে ফেলা হয়।
বনপাড়ায় সভায় নিষেধাজ্ঞার প্রতিবাদে জেলা বিএনপি শনিবার দুপুরে আলাইপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
এতে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "সানাউল্লাহ নূরকে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। হত্যার প্রথম বার্ষিকীতে আমরা পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্মরণসভার আয়োজন করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ সেখানে কর্মিসভা আহ্বান করে।"
আওয়ামী লীগের নেতারা তাকেও হত্যার হুমকি দিয়েছে বলে রুহুল অভিযোগ করেন।
বিএনপি নেতাদের অভিযোগের প্রতিক্রিয়ায় বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি স্মরণসভার নামে বড়াইগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমরা বিশৃঙ্খলা করতে দিতে পারি না।"
"এলাকায় শান্তি শৃঙ্খলা অটুট রাখতে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি," বলেন তিনি।
তবে বেলা সাড়ে ১২টার দিকে বড়াইগ্রামের জোনাইল বাজারে স্থানীয় আওয়ামী লীগ লাঠি মিছিল করে।
শুক্রবার নিষেধাজ্ঞার পর দুপুরে বিএনপি নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আওয়ামী লীগের কর্মীরাও মাঠ সংলগ্ন রাস্তায় অবস্থান নেয়।
পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম মুক্তা ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন পুলিশের বাধা পেরিয়ে মাঠে ঢুকে মঞ্চে অবস্থান নিলেও পুলিশ তাদের মাইক লাগাতে দেয়নি। বিপুল সংখ্যক পুলিশ স্মরণসভার মঞ্চ ঘিরে রাখে।
ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কাউকেই সভা করতে নিষেধ করিনি। তবে একই স্থানে দুই দল সভা ডাকায় আমাদের আর কোনো উপায় ছিল না।"
এদিকে নিহত বাবুর স্ত্রী মহুয়া নূর সাংবাদিকদরে বলেন, "আওয়ামী লীগ বাবুর জনপ্রিয়তাকে এতোটাই ভয় পায় যে, তার স্মরণসভাও করতে দিতে সাহস পায়নি। তারা নিলর্জ্জভাবে স্মরণসভা পণ্ড করেছে।"
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24