২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধেশ্বরীতে জামায়াতের মিছিল থেকে আটক ৭

ঢাকার সিদ্ধেশ্বরীতে জামায়াতে ইসলামী ও শিবিরের মিছিল পুলিশ পণ্ড করে দিয়েছে। আটক করা হয়েছে সাত জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সিদ্ধেশ্বরীতে জামায়াতে ইসলামী ও শিবিরের মিছিল পুলিশ পণ্ড করে দিয়েছে। আটক করা হয়েছে সাত জনকে। শুক্রবার সকাল ১০টার দিকে জামায়াত ও শিবিরের এক দল কর্মী সিদ্ধেশ্বরীতে মিছিলের চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তখন পুলিশ গিয়ে সাত জনকে তুলে আনে। তারা হলেন- আহম্মদ সালমান (২৪), আবু হানিফ (২০), তারিক হাসান (২৫), আবদুল্লাহ আল বাকি (১৮), রিদওয়ান হক (২১), গাজী সউদ (১৮) ও আরাফাত শিবলী (১৯)। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাত জনের মধ্যে প্রথম পাঁচ জনকে আমরা জামাত ও শিবিরকর্মী হিসেবে সনাক্ত করতে পেরেছি। ওই পাঁচ জন ১৯ তারিখের ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিলো বলে প্রমাণও পাওয়া গেছে।" গত ১৯ সেপ্টেম্বর বিজয় নগর ও কাকরাইলে জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেদিন ব্যাপক ভাংচুর চালায় জামায়াতকর্মীরা। গাজী সউদ ও আরাফাত শিবলী জামায়াতকর্মী কি না, তা যাচাই করা হচ্ছে বলে ওসি জানান। তিনি বলেন, সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে প্রায় ৬০/৭০ জন কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। ওই সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। আটক সালমান নিজেকে জামায়াতকর্মী হিসেবে সাংবাদিকদের কাছে পরিচয় দেন। তারিক হাসান ও আবু হানিফ নিজেদের শিবিরকর্মী হিসেবে পরিচয় দেন। তারা বলেন, আটক নেতা-কর্মীদের মুক্তির জন্যই তারা মিছিল করতে চেয়েছিলেন। আবদুল্লাহ আল বাকি ও রিদওয়ান হক নিজেদের পথচারী দাবি করলেও ওসি বলেন, তারা শিবিরকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭৫০ ঘ.