সিলেট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের সিলেটের বাসা থেকে মালামাল ক্রোক করেছে পুলিশ।
অবশ্য এ সময় শফিকুর বাসায় ছিলেন না। তিনি ঢাকায় রয়েছেন বলে জানিয়েছেন তার ভাই সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ফখরুল ইসলাম।
শাহপরান থানার ওসি এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় আদালতের দেওয়া মালামাল ক্রোকের আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে নগরীর শিবগঞ্জ হাতিমবাগ এলাকার শফিকুরের বাসায় অভিযান চালানো হয়।
"বিকাল সাড়ে ৫টায় অভিযান শেষ হয়। ওই বাসায় থাকা সোফাসেট, খাট, বৈদ্যুতিক ফ্যান, চেয়ার, টেবিল, শোকেইস, ক্রোকারিজ সামগ্রী জব্দ করা হয়েছে", যোগ করেন তিনি।
ট্রাকে করে মালামালগুলো শাহপরান থানায় নিয়ে যাওয়া হয়।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ও বিজয়নগরে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় পল্টন ও রমনা থানায় দ্রুত বিচার আইন দায়ের করা হয় দুটি মামলা। এরই মধ্যে আদালত গত ২ অক্টোবর দুই মামলায় জামায়াত-শিবিরের ৩২০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে।
একই সঙ্গে ওই দুই মামলায় পলাতক ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেয় একই আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০২ ঘ.
bdnews24