ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের রোড মার্চ কর্মসূচির সমালোচনা করে তাদের সংসদে ফেরার আহ্বান জানালেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে না যাওয়ার বিএনপির ঘোষণার পরও তিনি আশা করছেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে।
কামরুল বৃহস্পতিবার হোটেল রূপসী বাংলায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, "নীরস কর্মসূচি পালনের চেয়ে সংসদে এসে কথা বলুন।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ কয়েকটি দাবিতে আগামী ১০ অক্টোবর সিলেট এবং ও ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে এই রোডমার্চ করবে বিএনপি।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী একটি নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে।
"বিএনপি তো বলছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন হলে তারা অংশ নেবে না। অথচ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে তাদের প্রার্থী অংশ নিচ্ছে। এতেই প্রমাণ হয়, তারা ইভিএম পদ্ধতিকে মেনে নিয়েছে।"
"তাদের বর্তমান কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে। আমরাও আশা করি, তারা এখন যত কথাই বলুক না কেন, সময় হলে ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করবে," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪২৫ ঘ.
bdnews24