২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর চিকিৎসা: ব্যাখ্যা দিতে তলব কারারক্ষককে

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর চিকিৎসার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রক্ষক (জেল সুপার) আলতাফ হোসেনকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 05:37 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর চিকিৎসার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রক্ষক (জেল সুপার) আলতাফ হোসেনকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিজামীর আইনজীবী মোহম্মদ তাজুল ইসলামের করা আদালত অবমাননার এক আবেদনে বুধবার এ আদেশ দেয় আদালত। নিজামীকে আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে তার আইনজীবীর অভিযোগ। এর জবাব দিতে আগামী ২৩ অক্টোবর কারারক্ষককে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। গত ৩ অক্টোবর আদালত অবমাননার আবেদনটি করেন নিজামীর আইনজীবী। আবেদনে বলা হয়, গত ২১ এপ্রিল আটক চার জামায়াত নেতার জন্য কারাগারের ভেতর বা বাইরে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে আদালতের নির্দেশনায় বলা হয়, জামায়াতে ইসলামীর শীর্ষ এ চার নেতা বারডেম হাসপাতালে ডায়াবেটিসের চিকিৎসা নিতে পারবেন। প্রয়োজনে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাইরে থেকে ওষুধ সংগ্রহ পারবে। গত ২৪ অগাস্ট সর্বশেষ বারডেমের হাসপাতালে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. মজিবুর রহমান ১৫ দিন পর নিজামীকে ফিজিও থেরাপি দেওয়ার ব্যবস্থাপত্র দেন। কিন্তু পরে তাকে চিকিৎসা দেওয়া হয়নি বলে আবেদনে অভিযোগ করা হয়। নিজামী ছাড়া আটক অন্য তিন নেতা হলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.