২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নতুন উন্নয়ন প্রকল্প না নিতে ইসির চিঠি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় নতুন কোনো উন্নয়ন প্রকল্প না নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 10:06 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় নতুন কোনো উন্নয়ন প্রকল্প না নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া কমিশনকে না জানিয়ে প্রশাসনে কোনো ধরনের রদবদল না করারও অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার সাংবাদিকদের বলেন, "তফসিল ঘোষিত এলাকায় এখন থেকে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বা কোনো প্রকল্প গ্রহণ এবং কমিশনকে অবহিত না করে কোনো কর্মকর্তাকে বদলি করা যাবে না। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়েছে।" ইসি সচিব মো. সাদিক স্বাক্ষরিত এই চিঠি সোমবার বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে জানান তিনি। এছাড়া কোনো ঋণখেলাপি যাতে এনসিসি নির্বাচনে মেয়র, কাউন্সিলর বা সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হতে না পারেন, সেজন্য বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ও সংশ্লিষ্ট আর্থিক ব্যাংক ও প্রতিষ্ঠান হতে রিটার্নিং অফিসারের কাছে ঋণখেলাপির তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তালিকা সরবারহের পর রিটার্নিং অফিসার প্রার্থীদের ঋণখেলাপির তথ্য সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনে ব্যবস্থা নেবেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২৬ (২) এ বলা হয়েছে, "কোনো ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন, যদি তিনি ঋণখেলাপি হন। কেউ যদি নির্বাচনী তফসিল ঘোষণার পর ঋণ পুনঃতফসিল করেন, তাহলেও তিনি অযোগ্য হবেন।" এনসিসি নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। তফসিল অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার এসব মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ তারিখ ১২ অক্টোবর। নবগঠিত এ সিটি করপোরেশনের ভোট হবে ৩০ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/জেকে/১৫৫৩ ঘ.