ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ জানাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন থানায় লিয়াজোঁ কর্মকর্তা রাখা হবে- বলেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
আগামী ৯ই অক্টোবরের মধ্যে এ দায়িত্বে নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেবে কমিশন।
সোমবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল থানায় একজন করে লিয়াজোঁ কর্মকর্তা থাকবেন।
"নির্বাচন সংক্রান্ত অভিযোগ, অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে রিটার্নিং অফিসার ও কমিশনকে অবহিত করবেন।"
কমিশনে আসা অভিযোগের সত্যতা যাচাইয়ের 'সুযোগের' অভাব রয়েছে কমিশনের। এছাড়া পুলিশ-প্রশাসনে হওয়া অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হয় কি না তা কমিশন জানতে পারে না। এসব দিক বিবেচনা করে লিয়াজোঁ কর্মকর্তা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সাখাওয়াত।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কোন্ কোন্ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে, কোন্ কোন্ কেন্দ্র সিসিটিভি'র আওতায় থাকবে জানতে চাইলে তিনি বলেন, এত আগে এসব তথ্য প্রকাশ করা হবে না। বিষয়টি প্রকাশে কমিশন কৌশলী হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ২৭টিতে ওয়ার্ডে ভোট কেন্দ্র মোট ১৬৩টি। আর ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২১৭। ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন।
এ নির্বাচনে ৯টি ওয়ার্ডের সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে।
আগামী ৩০ অক্টোবর প্রথমবারের মতো নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭৮ এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়ন জমা দিয়েছে। ১২ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩৩ ঘ.
bdnews24