২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা 'খেলার' কোন স্টেজে, প্রশ্ন হাসিনার

সরকার হটাতে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সময় বেঁধে দেওয়াকে 'সময় বাড়ানো' বলে অভিহিতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার হটাতে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সময় বেঁধে দেওয়াকে 'সময় বাড়ানো' বলে অভিহিতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে খালেদার বক্তব্যের প্রসঙ্গ ধরে হাসিনা বলেন, "এরআগে, উনি গত জুন পর্যন্ত সময় দিয়েছিলেন। এখন আগামী সেপ্টেম্বর পর্যন্ত তা বাড়িয়েছেন। ১৫ মাস সময় বাড়িয়েছেন- এজন্য ধন্যবাদ।" মঙ্গলবার চারদলের এক জনসভায় খালেদা জিয়া বলেন, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে। সামনে 'ফাইনাল খেলা' আছে বলেও ঘোষণা দেন বিরোধী দলীয় নেত্রী। খালেদার বক্তব্যের 'খেলা' অংশ নিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তাদের নেত্রী 'ফাইনাল খেলা' বলতে নির্বাচনকে বুঝিয়েছেন এবং সরকার 'রেফারি' থাকলে তারা খেলায় আসবেন না। প্রধানমন্ত্রীর বিদেশফেরত সংবাদ সম্মেলনেও খেলার কথাটি এসেছে ঘুরেফিরে। শেখ হাসিনা বলেন, "কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তারপর না ফাইনাল। উনি (খালেদা জিয়া) কোন স্টেজে আছেন।" তিনি আরো বলেন, "যে যত খেলুক,... খেলনেওয়ালারা খেলে যাবে। যারা কাজ করার, তারা কাজ করেই যাবে।" 'খেলার স্টেজ' নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের শুক্রবার বলেন, "গত ২৭ মার্চের জনসভা যদি খেলার প্রথম রাউন্ড হয় তাহলে সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল না খেলেই একেবারে ফাইনাল খেলবেন, এমনটা তো হতে পারে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/পিডি/১৭৫৪ ঘ.