২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল হত্যা: আরো ২ জনের নাম পেয়েছে পুলিশ

আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত আরো দ্ইুজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যে এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত আরো দ্ইুজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যে এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাতে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই হত্যার নেপথ্যে আরো দুইজনের নাম পাওয়া গেছে। বাকি সব আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে।" তিনি জানান, শুক্রবার রাতে ভোলা থেকে ইমরান হোসেন কালু এবং রাজধানী থেকে আবুল হোসেন লিটনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য শনিবার এক দিনের হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে রাজধানীর ৪১ নম্বর ওয়ার্ড সভাপতি হাজি নূর মোহাম্মদসহ ১১ জনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পুলিশ বলছে, হাজি নূর মোহাম্মদই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক গত ১৪ জানুয়ারি দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন। পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। পরদিন রাতে ফজলুল হকের স্ত্রী নীলা হক একটি মামলা দায়ের করেন। শেরে বাংলা নগর থানা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জানুয়ারি আওয়ামী লীগ নেতা হাজী নূর মোহাম্মদের জামাতা জাহাঙ্গীর কবির, যুবলীগ নেতা নেয়ামত হোসেন রাজু ও সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। ২০ জানুয়ারি দুলাল নামে আরেক জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ২৪ জানুয়ারি জসিম উদ্দিন, সেলিম আহাম্মদ, মো. শামীম এবং মঞ্জুর এলাহী নামে তিনজনকে আটক করে র‌্যাব। ২৭ জানুয়ারি গ্রেপ্তার করা হয় আওয়ামীলীগ নেতা হাজী নূর মোহাম্মদকে। উপ-পুলিশ কমিশনার বলেন, "যথেষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।" দুলালের দেওয়া জবানবন্দি অনুযায়ী হত্যার সঙ্গে সরাসরি জড়িত জসিম, সেলিম, শামীম, মঞ্জুর ও কালুকে গ্রেপ্তার করা হয়। বাকিরা হত্যাকারীদের সহায়তা করার কথা আদালতে ও পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/জেকে/২২০৮ ঘ.