ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব দাবি করে বিএনপি বলছে, নির্বাচন সুষ্ঠু হলে তাদের সমর্থিত প্রার্থীরা আরো বেশি পৌরসভায় জয়ী হতো।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'পৌর নির্বাচন ২০১১: একটি বাস্তবভিত্তিক মূল্যায়ন' শীর্ষক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।
তিনি বলেন, "বর্তমান সরকার জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। পৌর নির্বাচনে এর প্রতিফলন ঘটেছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব।"
নজরুল বলেন, "পৌর নির্বাচনে অনেক বাধার মুখেও জনমতের প্রতিফলণ ঘটেছে। তাতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বেশি পৌরসভায় জয়ী হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আরো বেশি বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হতেন।"
বিএনপিপন্থী সাংবাদিক শফিক রেহমানের উদ্যোগে গঠিত বেসরকারি সংগঠন জি-৯ এই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে বলেন, "আওয়ামী লীগের আন্দোলনের মাধ্যমে বিগত তত্ত্বাবধায়ক সরকার আসে। তারাই ওই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। ১৯৯১, ১৯৯৬, ২০০১ এর নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তবে ২০০৭ ও ২০০৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে।"
"তাদের (আওয়ামী লীগ) অধীনে তত্ত্বাবধায়ক সরকার ও সেনা মোতায়েন ছাড়া কোনো নির্বাচন সম্ভব না," মন্তব্য করেন তিনি।
এ পর্যন্ত যতে নির্বাচন হয়েছে- সবই সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে মন্তব্য করে খসরু বলেন, "সাধারণ ও স্থানীয় নির্বাচনকে আলাদা করা যায় না।"
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
তিনি বলেন, "সদ্য সমাপ্ত পৌর ও উপ-নির্বাচনের পর নির্বাচন কমিশনসহ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও নেতারা বলতে শুরু করেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব। তাদের এ বক্তব্যের উদ্দেশ্য ভেবে দেখতে হবে।"
অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি শমসের মবিন চৌধুরী, শফিক রেহমান ও জি-৯ এর সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৭৫৪ ঘ.
bdnews24