চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, ঢাকার ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) অবিলম্বে বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে 'রিহ্যাব ফেয়ার, চট্টগ্রাম- ২০১১' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'বিভিন্ন পেশাজীবী, আবাসন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, প্রকৌশলী এবং এনজিও সংশ্লিষ্টদের মতামত নিয়ে ড্যাপ প্রণয়ন করা হয়েছে। সবাই মিলেই অবিলস্বে ড্যাপ বাস্তবায়ন করা হবে।'
দু'একজনের জন্য আবাসন শিল্পের সুনাম যাতে নষ্ট না হয়- রিহ্যাব সদস্যদের সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে আব্দুল মান্নান খান বলেন, "দুই একজন মুনাফালোভী, আইন অমান্যকারী, রুচিহীন ব্যক্তির অপকীর্তির দায় রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত সবাই নিতে পারেন না।"
নদী, নালা, খাল-বিল ভরাট করে কেউ পরিবেশের ক্ষতি করলে এবং বসবাসের উপযোগী আবাসন গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করে দেন মন্ত্রী।
তিনি বলেন, "ঢাকা ও চট্টগ্রাম শহরের উপকণ্ঠে স্যাটেলাইট শহর নির্মাণে পিপিপির আওতায় বেসরকারি উদ্যেক্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গ্রহণ করবে।"
পরিকল্পিত নগরায়ণে দায়িত্বশীল ভূমিকা পালনে রিহ্যাব (রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের) সদস্যদের প্রতি আহ্বান জানান আব্দুল মান্নান খান।
রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী ও মেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী আবু সুফিয়ান।
সিডিএ চেয়ারম্যান আবাসন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা ব্যবসা করবেন, লাভও করবেন। তবে অনুরোধ করব পরিবেশ যেন রক্ষা হয়।"
রিহ্যাব সভাপতি আব্দুর রহিম খান সিডিএর লোকবল বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, "লোকবলের অভাবে সিডিএর ওয়ান স্টপ সার্ভিস মাল্টিপল সার্ভিসে পরিণত হয়েছে।"
ভবনের নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতা বন্ধেরও আহ্বান জানান তিনি।
রিহ্যাবের উদ্যোগে চট্টগ্রামে পঞ্চমবারের মত আয়োজিত এ মেলায় মোট ৯৭টি স্টল থাকছে। একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও মেলায় অংশ নিচ্ছে।
অশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড ও ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডসহ মোট ১১টি প্রতিষ্ঠান এবারের মেলার কো-স্পন্সর।
মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। তবে একশ টাকায় মাল্টিপল এন্ট্রি টিকেট পাওয়া যাবে।
শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা মেলা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২২০৮ ঘ.
bdnews24