ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপ-নির্বাচনে সেনা মোতায়েনের দাবি আবারো জানিয়ে বিএনপি বলছে, তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, "উপ-নির্বাচনে সেনা মোতায়েন না হলে সেখানে সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ পৌর নির্বাচনে জনপ্রশাসন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে বলে নির্বাচন কমিশনই সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ক্ষোভ প্রকাশ করেছেন।"
পৌর নির্বাচনে কয়েক এলাকায় ব্যালট পেপার ছিনতাই, নির্বাহী হাকিম ও নির্বাচনী কর্মকর্তাদের মারধরের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সোমবার এক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বিএনপির একটি প্রতিনিধি দল সকালে নির্বাচন কমিশনে গিয়ে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করে। এরপর নয়াপল্টনে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়।
আনোয়ার বলেন, "উপ-নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সেনা মোতায়েন করতে চায়। নির্বাচন কমিশনাররা আমাদের জানিয়েছেন, সেনা মোতায়েনের জন্য সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।"
আনোয়ার অভিযোগ করেন, উপ-নির্বাচনে সেনা মোতায়েন হবে না- গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সরকারদলীয় কর্মীরা উল্লাস করছে।
এটা সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি।
আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপ-নির্বাচন। এদিন আরো ১২ পৌরসভায় নির্বাচন হবে।
সাবেক মন্ত্রী আনোয়ার আরো বলেন, "নির্বাচন কমিশন সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলেই তারা সরকারের কাছে তা জানিয়েছেন। সরকার যদি সেক্ষেত্রে সেনা মোতায়েন করতে ব্যবস্থা না নেন, ওই পর্যায়ে নির্বাচন কমিশনের সংবিধানে অর্পিত দায়িত্ব মেনে চলা উচিত। আমরা চাই না- কমিশন সরকারের এই ফাঁদে পা দিক।"
এক প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, এ দায়িত্ব বাস্তবায়নে ইসি কর্মকর্তারা ব্যর্থ হলে জনগণকে অবহিত করে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "দুই উপ-নির্বাচনে স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তারা সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করছেন। আমরা এ সংক্রান্ত অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকাও আমরা দিয়েছি।"
তিনি অভিযোগ করে বলেন, "সেনা মোতায়েন না হওয়ার খবর পেয়ে নির্বাচনী এলাকায় সরকার দলের বহিরাগতরা অবস্থান নিয়েছে। এর অর্থ তারা ভোট কারচুপি করবে।"
সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24