২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচনে নিরাপত্তার ব্যর্থতায় ক্ষুব্ধ সাখাওয়াত

পৌর নির্বাচনে কয়েক এলাকায় ব্যালট পেপার ছিনতাই, নির্বাহী হাকিম ও নির্বাচনী কর্মকর্তাদের মারধোরের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডপটকম)- পৌর নির্বাচনে কয়েক এলাকায় ব্যালট পেপার ছিনতাই, নির্বাহী হাকিম ও নির্বাচনী কর্মকর্তাদের মারধোরের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সোমবার বিকালে শেরে বাংলা নগরে এনইসি মিলনায়তনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বলেন, "কেন্দ্র থেকে ব্যালট ছিনতাই হবে, নির্বাচনী কর্মকর্তাদের মারধর করা হবে- সেখানে আইন- শৃঙ্খলা বাহিনী অক্ষত থাকবে তা গ্রহণযোগ্য নয়। সরকার সুষ্ঠু নির্বাচনের পক্ষে, কারা এর বাইরে কাজ করছেন তা দেখতে হবে।" আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা আহত হয়েও ব্যালট পেপার অক্ষত রাখার নির্দেশ দেন তিনি। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা সর্বময় ক্ষমতার অধিকারী উল্লেখ করে তিনি জানান, তাদের অনেকে নিজেদের ক্ষমতা সম্পর্কে অবহিত নন। যে কোনো ধরনের গোলযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান এই সচিব। সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে সেনবাগ, নোয়াখালী সদর, বোরহানউদ্দিন, কবিরহাট, ফেনী, নাঙ্গলকোটে ব্যালট পেপার ছিনতাই, নির্বাচনী কর্মকর্তাদের মারধোরসহ গোলযোগ হয়। ইতোমধ্যে এসব ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ইসি। এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন তোলেন অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। আগামী ২৭ জানুয়ারির উপ-নির্বাচন ও পৌর নির্বাচনে গোলযোগের যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এই দুই নির্বাচন কমিশনার। নির্বাচনকে সুষ্ঠু ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতকে শক্তিশালী করতে কমিশন নির্বাচনী আইনগুলোকে যুগোপযোগী করেছে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন জানান, দলীয় সরকার থাকা অবস্থায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। সরকার কোনো ধরনের প্রভাব সৃষ্টি করেননি। "কিন্তু কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তাদের কারণেই নির্বাচনে কিছু সমস্যা হয়েছে। এখনো এই সব প্রভাবশালী মাঠে বিচরণ করছেন," বলেন সাখাওয়াত। তিনি বলেন, "পৌরসভা নির্বাচনে যেসব ঘটনা ঘটেছে এতে কোনো ওসিকে এমনকি কোনো পুলিশকেও কেন সাসপেন্ড করা হয়নি?" "এটাও কি আমাদের বলতে হবে! পুলিশের সামনে একজন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তোলো হয়, এটা তো মেনে নেওয়া যায় না । অথচ তার নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে। কোথায় সেই নিরাপত্তা?" আগামী ২৭ জানুয়ারি পৌর নির্বাচনের গোলযোগের ঘটনা ঘটলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেন এই নির্বাচন কমিশনার। "এই নির্বাচনে একজন প্রিজাইডিং অফিসারের গায়ে যদি হাত তোলা হয়, তবে এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীই দায়ী থাকবে। এখানে একজন যদি অনঅথরাইজ লোক প্রবেশ করে, তবে এসব এলাকার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, গত ১৮ তারিখের নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও নিজেরা সিল মেরে ব্যালট বাক্স ভর্তির ঘটনায় কিছু ভোটকেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি প্রিসাইডিং অফিসার ভোট গ্রহন ও গণনা শেষে ব্যালটসহ যখন রিটানিং অফিসারের কাছে যাচ্ছেন তখনই তাদের মারধোর করে ব্যালট ছিনতাই করা হয়। এ সময় উপস্থিত পুলিশের মহা পরিদর্শক ও র‌্যাব মহা পরিচালক সার্বিক নির্বাচনে কিছু গোলযোগের কথা স্বীকার করেন। আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপ-নির্বাচন। এদিন আরো ১২ পৌরসভায় নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১২৮ ঘ.