২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৫০ দিন সংসদ বর্জন খালেদাকে যেতেই হবে সংসদে

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার দলের এমপিদের জাতীয় সংসদের আসন্ন অষ্টম অধিবেশনে যোগ দিতে হবে। নইলে টানা ৯০ দিন সংসদ বর্জনের কারণে তারা সদস্যপদ হারাবেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার দলের এমপিদের জাতীয় সংসদের আসন্ন অষ্টম অধিবেশনে যোগ দিতে হবে। নইলে টানা ৯০ দিন সংসদ বর্জনের কারণে তারা সদস্যপদ হারাবেন। সোমবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আসন্ন অষ্টম অধিবেশন ৪৪ কার্যদিবস (২৫ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত) ধরে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে চিফ হুইপ আবদুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির রেকর্ডে (যার একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে) দেখা যায়, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ গত বছরের ৪ এপ্রিল সংসদে যোগ দিয়েছিলেন। এর ফলে গত ৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তম অধিবেশন পর্যন্ত সংসদে তার টানা অনুপস্থিতি ৫০ দিন। এ অর্থ হচ্ছে- খালেদা জিয়া নবম সংসদের আসন্ন অষ্টম অধিবেশনে যোগ না দিলে সংসদে তার টানা অনুপস্থিতি দাঁড়াবে ৯৪ দিন। অষ্টম অধিবেশন বসছে মঙ্গলবার। সপ্তম অধিবেশনের ১৭৪ কার্যদিবসের মধ্যে বিরোধী দলীয় নেতা মাত্র পাঁচ কার্যদিবস উপস্থিত ছিলেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য টানা ৯০ দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। বিএনপি সাংসদ বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩) সর্বোচ্চ ৫৭ দিন সংসদে অনুপস্থিত থেকে খালেদাকেও ছাড়িয়ে গেছেন, যা দলীয় প্রধানের চেয়ে ৭ দিন বেশি। বুলু সর্বশেষ গত বছরের ১১ মার্চ সংসদে যোগ দিয়েছিলেন। দলের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫) এবং কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (কুমিল্লা-৩) টানা ৫৩ দিন সংসদ বর্জন করে চলেছেন। তারা সর্বশেষ ২০১০ সালের ২২ মার্চ সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। চট্টগ্রাম-১৬ আসন থেকে নির্বাচিত সাংসদ মোস্তফা কামাল পাশা টানা ৫১ দিন সংসদে অনুপস্থিত রয়েছেন। তিনি সর্বশেষ গত বছরের ১ এপ্রিল অধিবেশনে যোগ দিয়েছিলেন। গ্রেপ্তার হওয়া বিএনপি দলীয় সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-২), গোলাম মোস্তফা (জয়পুরহাট-২) ও আমজাদ হোসেন (মেহেরপুর-২) টানা ৫০দিন ধরে সংসদ বর্জন করে চলেছেন। অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির রেকর্ড অনুযায়ী, বিরোধী দলের অধিকাংশ সাংসদই টানা ৪৮দিন অধিবেশন বর্জন করে চলেছেন। চিফ হুইপ আবদুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, সংসদে অনুপস্থিত থাকার জন্য প্রধান বিরোধী দল বিএনপি স্পিকারের অনুমতি নেয়নি। ২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম কার্যদিবসে বিএনপি সাংসদরা খালেদা জিয়ার নেতৃত্বে অধিবেশনে যোগ দেন। কিন্তু স্পকার আব্দুল হামিদের আসন বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় কার্যদিবস ২৮ জানুয়ারি থেকেই তারা সংসদ বর্জন শুরু করেন। তবে সংসদ অধিবেশনে বিরোধী দলের জন্য সামনের সারিতে আরো বেশি আসন দেওয়া হবে বলে স্পিকার প্রতিশ্র"তি দিলে বিএনপি এমপিরা সংসদে ফিরে আসেন। স্পিকার আব্দুল হামিদের পূর্বসূরী মুহাম্মদ জমিরউদ্দিন সরকার (বর্তমানে বিএনপি সাংসদ) সামনের সারির ১০টি আসনই বিএনপিকে বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিবাদের মুখে স্পিকার আব্দুল হামিদ এই আসন বিন্যাস বদলে ফেলেন এবং আনুপাতিক শক্তি বিবেচনায় বিরোধী দলকে সামনের সারির ৪টি আসন দেন। ৩০০-আসনের জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের সদস্য সংখ্যা ৩০। নতুন এই আসন বিন্যাসের প্রতিবাদে বিএনপি ২০০৯ সালের ৪ জুন দ্বিতীয় অধিবেশন থেকে আবার সংসদ বর্জন শুরু করে। যদিও স্পিকার সামনের সারিতে আরো একটি আসন তাদেরকে দেন। তবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের এমপিরা সংসদ সদস্যপদ রক্ষার স্বার্থে গত বছরের ১১ ফেব্র"য়ারি চতুর্থ অধিবেশনের ১৮তম কার্যদিবসে যোগ দিয়ে ফের সংসদ বর্জন শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/১৯৫৫ ঘ.