২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গোলাম আজম অচিরেই গ্রেপ্তার হতে পারেন'

জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে অচিরেই গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

নেত্রকোনা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে অচিরেই গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে নানা অপকর্মের জন্য অভিযুক্ত এই জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। গত বছরের সেপ্টেম্বরে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন তদন্ত শেষে যদি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় তখন গোলাম আজমকে আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হবে। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল হান্নান গোলাম আজমের ব্যাপারে ওই কথা বলেন। তিনি আরো বলেন, নেত্রকোনায় করা পাঁচটি যুদ্ধাপরাধ মামলার তদন্ত কাজ শিগগিরই শুরু হবে। যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে সংবাদ মাধ্যমের ভূমিকার প্রশংসা করে আব্দুল হান্নান বিচার কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সবার সহযোগিতা চান। এর আগে তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ত্রিমোহিনী বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তদন্ত সংস্থার আরেক কর্মকর্তা মতিয়র রহমান, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট টুটুল চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাফায়েত আহমেদ খান, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আবু সিদ্দিক আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.