২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপির হরতাল

নোয়াখালীতে বিএনপি'র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 03:41 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

নোয়াখালী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে বিএনপি'র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালেই জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কঠোর অবস্থান ও টহলের কারণে তাঁরা প্রধান সড়কে নামেনি। শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার সেনবাগেও হরতাল পালিত হচ্ছে। বৃহত্তর নোয়াখালীতে পৌরসভা নির্বাচনে মঙ্গলবার ভোট চলাকালে ক্ষমতাসীন দল ভোটকেন্দ্র দখল করেছে অভিযোগ এনে পুনর্র্নিবাচনের দাবিতে বিএনপি নোয়াখালী, লক্ষীপুর ও ফেনীতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এর আগে নেয়াখালী ও সেনবাগ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। মঙ্গলবার বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানের জেলা শহরের বাসায় সংবাদ সম্মেলন করে পৌরসভা নির্বাচন পুনরায় অনুষ্ঠানের দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে নির্বাচন কমিশন সেনবাগের সবগুলো কেন্দ্রের এবং নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে। কিন্তু সম্পূর্ণ দাবি না মানায় বিএনপি তাদের ঘোষণা অনুযায়ী বৃহত্তর নেয়াখালীতে হরতাল পালন করছে। হরতাল চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/০৯৩২ ঘ.