মিন্টু চৌধুরী ও মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের বিজয়ে বাধা হতে পারেনি 'বিদ্রোহী' প্রার্থীরা।
জেলার নয়টি পৌরসভার মধ্যে সাতটিতে 'বিদ্রোহী'রা নির্বাচন করলেও সরকারি দল সমর্থিতরা জিতেছেন ছয়টিতে।
'বিদ্রোহী'দের কারণে আওয়ামী লীগকে খুব বেশি ঝামেলা পোহাতে না হলেও প্রধান বিরোধীদল বিএনপি সে সুযোগ কাজে লাগাতে পারেনি।
বিএনপি সমর্থিত প্রার্থীরা চট্টগ্রামের দুটি পৌরসভায় মেয়র হয়েছেন।
অপর একটি পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
'বিদ্রোহী' প্রার্থী থাকা সত্ত্বেও ভালো ফলাফলে খুশি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু।
মঙ্গলবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের অন্যান্য স্থানের তুলনায় চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থীরা ভালো ফল করেছে।"
রাউজানে দুই প্রার্থী না থাকলে আওয়ামী লীগই জয়ী হতো মন্তব্য করে তিনি বলেন, "ওই পৌরসভা দলের দুই প্রার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিলো।"
অপরদিকে, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেছেন, সরকারলীয় নেতাকর্মীরা প্রশাসনকে প্রভাবিত করায় চট্টগ্রামে বিএনপি প্রার্থীরা ভালো ফল করতে পারেনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামের নয় পৌরসভার অধিকাংশ স্থানেই সরকার দলীয় প্রার্থীরা প্রশাসনকে প্রভাবিত ও ব্যবহার করেছে।"
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হলেও তার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।
নয়টি পৌরসভার মধ্যে সাতটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ছিলো নয় জন।
অপরদিকে তিনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলো পাঁচজন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, মিরসরাইয়ে মোহাম্মদ শাহজাহান, বারৈয়ারহাটে এস এম তাহের ভূইঁয়া, বাঁশখালীতে শেখ ফখরুদ্দিন চৌধুরী, সন্দ্বীপে জাফর উল্লাহ টিটু ও পটিয়ায় হারুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।
বিএনপি সমর্থিত মোহাম্মদুর রহমান সাতকানিয়ায় এবং রাউজানে আব্দুল্লাহ আল আহসান মেয়র নির্বাচিত হয়েছেন।
এছাড়া এলডিপির মোহাম্মদ আইয়ুব কুতুবী মেয়র নির্বাচিত হয়েছেন চন্দনাইশ পৌরসভা থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমএসবি/জেকে/০২৪৮ ঘ.
bdnews24