ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৫৮টি পৌরসভার মধ্যে ৫৩টির বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে ২৫টি পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। ২১টিতে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
এছাড়া আওয়ামী লীগ দুইজন ও বিএনপির একজন 'বিদ্রোহী' প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। একটি পৌরসভায় এলডিপি সমর্থিত প্রার্থী এবং তিনটিতে নির্দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন।
চারটি পৌরসভার ফল এবং একটির ভোট স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌণে ১টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে এই ফল পাওয়া গেছে।
এর মধ্য দিয়ে সাত বিভাগের ২৪২ পৌরসভার নির্বাচন শেষ হয়েছে।
সারা দেশে ৩০৯টি পৌরসভার মধ্যে গত ২ ডিসেম্বর ২৬৯ পৌরসভার তফসিল করে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন ঘোষণা, মেয়াদ উত্তীর্ণ না হওয়া ও আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে কয়েকটি পৌরসভাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। আরো কয়েকটি অন্তর্ভুক্ত করা হয়।
এ কারণে নির্বাচনযোগ্য পৌরসভার সংখ্যা দাঁড়ায় ২৫৭। এর মধ্যে বিভিন্ন কারণে স্থগিত হওয়া ১৪টি পৌরসভায় ২৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে কমিশন। নির্বাচনের একদিন আগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাচন স্থগিত করে আদালত।
ঘোষিত তফসিল অনুযায়ী ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চারদিনে ২৪২টি পৌরসভায় নির্বাচন শেষে হয়েছে।
এর মধ্যে নির্বাচনের দিন গোলযোগ হওয়ায় নোয়াখালীর সেনবাগ পৌরসভায় ভোট স্থগিত করা হয়।
এছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সাতটি পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা স্থগিত রয়েছে।
বিভাগ ওয়ারী নির্বাচনের শেষদিন মঙ্গলবার সকাল ৮টায় একযোগে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ পৌর সভায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
গড়ে ৭০ শতাংশ ভোটার এদিন ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের ধারণা।
গোলোযোগের কারণে নোয়াখালীর সেনবাগ পৌরসভায় নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া নোয়াখালী পৌরসভায় ১৭টি, ফেনীতে দুটি, নাঙ্গলকোটে একটি এবং হবিগঞ্জে একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
বিএনপি ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালীর সব কটিসহ ১৮ পৌরসভায় নির্বাচন বাতিল করে পুনর্র্নিবাচন দাবি করেছে। তারা বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্বাচনে ক্ষমতাসীন দল প্রভাব খাটিয়েছে।
অবশ্য সার্বিকভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভোট সুষ্ঠু হয়েছে বলেই মনে করছে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় এবং হবিগঞ্জের একটি কেন্দ্রে কিছু অঘটন ছাড়া সার্বিকভাবে ভালো নির্বাচন হয়েছে। আমরা এতে সন্তুষ্ট।"
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে সরকারি দল সমর্থিত প্রার্থীরা ১৫ এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা ১৬টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।
এই বিভাগে আওয়ামী লীগ ও বিএনপি একজন করে বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছেন।
মঙ্গলবারের নির্বাচনে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, বারৈয়ারহাট, মিরসরাই, সন্দ্বীপ, পটিয়া ও বাঁশখালী; নোয়াখালীর বসুরহাট, চৌমুহনী ও চাটখিল; ফেনী সদর ও পরশুরাম; কুমিল্লার চৌদ্দগ্রাম, চাঁদপুরের ছেংগারচর; লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
নোয়াখালীর হাতিয়া পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী।
বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের রাউজান ও সাতকানিয়া; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; কুমিল্লা জেলার চান্দিনা, দাউদকান্দি, বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব; লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি; খাগড়াছড়ি জেলার মাটিরাঙা; বান্দরবান সদর ও লামা এবং রাঙামাটি পৌরসভায়।
চাঁদপুরের ফরিদগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী।
এছাড়া চট্টগ্রামের চন্দনাইশে এলডিপি সমর্থিত প্রার্থী এবং খাগড়াছড়ি সদর এবং কুমিল্লার লাকসাম ও হোমনায় নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন।
নোয়াখালীর সেনবাগ পৌরসভায় নির্বাচন গোলোযোগের কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালী সদর, কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট ও ফেনীর সোনাগাজী পৌরসভার ফল স্থগিত রাখা হয়েছে।
সিলেট বিভাগ
সিলেট বিভাগে আওয়ামী লীগ সমর্থিত ছয়জন এবং বিএনপি সমর্থিত নয়জন মেয়র নির্বাচিত হয়েছেন।
বিএনপির কোনো 'বিদ্রোহী' প্রার্থী না জিতলেও সরকারি দলের 'বিদ্রোহী' একজন মেয়র হয়েছেন।
মঙ্গলবারের নির্বাচনে সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভা এবং সুনামগঞ্জ সদর, ছাতক ও দিরাই; হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, ও বড়লেখা; সুনামগঞ্জের জগন্নাথপুর এবং হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট পৌরসভায়।
পাঁচ বিভাগের ফল
সোমবার পর্যন্ত সারা দেশের পাঁচ বিভাগে ১৮৪ পৌরসভার মধ্যে ১৮২টির ফল ঘোষিত হয়েছে। এসব পৌরসভার মধ্যে বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন ৬৮টিতে। অন্যদিকে সরকারে থাকা আওয়ামী লীগ সমর্থিত ৬৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
অবশ্য ১৮টি পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী'রা। আটটিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী।
এই দুই দলের দুই প্রধান শরীক জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী সমর্থিত কোনো প্রার্থী ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে মেয়র নির্বাচিত হতে পারেননি। রাজশাহী ও রংপুরের নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত দুজন এবং জামায়াত সমর্থিত পাঁচজন বিজয়ী হয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে পাঁচ বিভাগে মেয়র নির্বাচিত হয়েছেন ১৪ জন।
আইনগত জটিলতার কারণে পিছিয়ে যাওয়া ১৪টি পৌরসভায় ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি।
ঢাকা: সোমবার ঢাকা বিভাগের ১৭ জেলায় ৬৩টি পৌরসভায় নির্বাচনের পর রাত একটা পর্যন্ত ৬১টির বেসরকারি ফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ২৭টিতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং ২২টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এছাড়া ৬ পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী, একটিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় গাজীপুরের কালিয়াকৈর এবং ৯টি কেন্দ্রের মধ্যে ১টির ভোট গণনা স্থগিত করায় টাঙ্গাইলের ঘাটাইলের ফল স্থগিত রয়েছে।
বরিশাল ও খুলনা: গত বৃহস্পতিবার বরিশাল ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভার নির্বাচনে ২২ পৌরসভায় মেয়র পদে সরকার সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
বরিশাল বিভাগের ছয় জেলার ১৯ পৌরসভায় ক্ষমতাসীন দলের সমর্থিত মেয়র নির্বাচিত হয়েছেন ১৪ পৌরসভায়। বিরোধীদল সমর্থিত প্রার্থী মাত্র একটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগে ৩০ পৌরসভার মধ্যে ১৩ পৌরসভায় বিএনপি সমর্থিত আর আট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ 'বিদ্রোহী' সাতজন ও বিএনপির 'বিদ্রোহী' পাঁচজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
রাজশাহী ও রংপুর: গত বুধবার দুই বিভাগে বিভাগের ৭২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হন। ১৮ পৌরসভায় জিতেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন।
এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএম/এসআই/এমএইচসি/ডিডি/জেকে/এমএসবি/০২৩০ ঘ.
bdnews24