ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেংগারচর পৌরসভায় কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আমেনা বেগম।
দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, "প্রতিটি কেন্দ্র আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন দখল করে জাল ভোট দিচ্ছে। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ অবস্থায় আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।"
বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে বলেও জানান বিএনপির এই প্রার্থী।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, "আমার হাতে এখনো কোনো লিখিত কপি আসেনি। তবে বিএনপি সমর্থিত প্রার্থী বিষয়টি মৌখিকভাবে আমাকে জানিয়েছেন।"
এদিকে, কেন্দ্র দখলের অভিযোগ পেয়ে দুপুর ১২টার দিকে ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকালে পৌরসভার চারটি ভোটকেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
সংঘর্ষের কারণে বেলা ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত বেসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ বন্ধ ছিলো বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. এমরান।
তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
ছেংগারচর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বেসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের সিকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬ নম্বর ওয়ার্ডের ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে বেলা ১১টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া-ধাওয়ি ও সংঘর্ষ হয়।
বেসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আমেনা বেগমের সমর্থক সাইফুল ইসলাম (৩০) এবং কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহানসহ (৫০) বেশ ক'জন আহত হয়েছে।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চারটি কেন্দ্রে সংঘর্ষ হলেও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন হাজী মো. বিল্লাল (আনারস)।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ ও মতলবসহ ছয়টি পৌরসভার ভোটগ্রহণ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৫৪ ঘ.
bdnews24