ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পেছনে শুধু 'বিদ্রোহী প্রার্থীদের' দায়ী না করে পেছনের কারণ খতিয়ে দেখার পক্ষে ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল সোমবার বলেন, অস্ত্রবাজ ও অবৈধ অর্থের মালিকদের রাজনীতির পরিবর্তে প্রকৃত রাজনীতিবিদদের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে।
রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে 'জনতার প্রত্যাশা' আয়োজিত 'সুষ্ঠু ধারার রাজনীতি ও আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের এ নেতা অভিযোগ করেন, "রামগড় থেকে একটি ট্রাক আসতে যেমন টোকেন নিয়ে ঘাটে-ঘাটে টাকা দিতে হয়, নির্বাচনেও ঘাটে-ঘাটে অনেককে খুশি করতে হয়।"
সরকারের দুই বছর সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, "সরকার দু'বছরে সব ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে না পারলেও পরীক্ষায় পাশ করেছে। কিন্তু বিরোধী দল রাজপথ ও সংসদ দু'জায়গায়ই ফেল করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৯ ঘ.
bdnews24