সাতক্ষীরা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ছাত্রদলের সম্মেলনে সরকার সমর্থক ছাত্রলীগের হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
রোববার শ্যামনগর উপজেলা মিলনায়তনে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।
ছাত্রলীগ বিপক্ষের নেতাকর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হক জানান, কোনো পক্ষের কাছে থেকে তারা অভিযোগ পাননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুল আলম দোহা সাংবাদিকদের জানান, রোববার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা মিলনায়তনে ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তিনি অভিযোগ করেন, প্রথম পর্বের অনুষ্ঠান শেষে অতিথিরা দুপুরের খাবার খেতে গেলে ছাত্রলীগের শ্যামনগর কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রবের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সম্মেলনস্থলে হামলা চালায়।
তারা সম্মেলনস্থলের চেয়ার-টেবিল, মাইক ভাংচুর করে। বাধা দেওয়ায় হামলাকারীরা ছাত্রদলের কর্মীদের বেধড়ক মারধর করে।
মাসুদুলের দাবি, ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে আহত হয়েছে তার সংগঠনের কর্মী রহমত আলী (২৮), সবুজ (১৮), আব্দুর রহিম (২০), সান্টু (২৬) ও সিদ্দিক (২৫)।
তিনি আরো অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেওয়ায় সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়নি।
মাসুদুল জানান, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশরাফুল কবীর (সুমন), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ সাদী প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক আল মামুন লিটন মারধরের ঘটনা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদলের সম্মেলনে বক্তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় তার প্রতিবাদ করা হয়েছে।
এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে মাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24